কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদের লিখিত পরীক্ষার ফলাফলে ৪৩০ জন উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১০ম গ্রেডভুক্ত ‘উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান’ পদে সরাসরি নিয়োগের জন্য ২০২৫ সালের ৬ অক্টোবর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অংশগ্রহণকারী প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছে।
এর আগে গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়, উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটির মূল কার্যপরিধি হবে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে যেকোনো নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠকের আয়োজন করবে। এতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।