হোম > বিশ্ব > চীন

অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে ঘরে ঘরে খাবার ডেলিভারি দেন

আজকের পত্রিকা ডেস্ক­

অক্সফোর্ড থেকে মাস্টার্স করা ডিং ইউয়ানঝাও খাবার ডেলিভারি রাইডারের কাজ করেন। ছবি: সংগৃহীত

চীনের এক উচ্চশিক্ষিত যুবক ডিং ইউয়ানঝাও বর্তমানে কাজ করছেন খাবার ডেলিভারি রাইডার (ডেলিভারি বয়) হিসেবে। তবে এই কাজের পেছনে লুকিয়ে রয়েছে ব্যতিক্রমধর্মী এক জীবনগাথা— যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে, ৩৯ বছর বয়সী ডিং এর শিক্ষাজীবন অনেকের জন্য স্বপ্নের মতো। সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক, পেকিং বিশ্ববিদ্যালয় থেকে জ্বালানি প্রকৌশলে স্নাতকোত্তর, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে জীববিজ্ঞানে পিএইচডি এবং সবশেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বায়োডাইভার্সিটিতে আরেকটি ডিগ্রি অর্জন করেন তিনি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চতর ডিগ্রি ও গবেষণার পরেও উপযুক্ত চাকরি না পেয়ে তিনি একজন ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ শুরু করেন। এক সময় তিনি সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবেও কাজ করেছেন।

তবে বারবার চেষ্টা করেও কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় শেষ পর্যন্ত ফুড ডেলিভারির কাজকেই বেছে নেন জীবিকা হিসেবে। বিভিন্ন কোম্পানিতে দশটির বেশি ইন্টারভিউ দিলেও কোথাও স্থায়ী চাকরি জোটেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিং বলেন, ‘এটা একটা স্থায়ী কাজ। আমি এই আয়ে আমার পরিবারের ভরণপোষণ করতে পারি। পরিশ্রম করলে ভালো ইনকাম হয়, কাজটা খারাপ না।’ তাঁর মতে, কাজই মানুষকে মূল্যবান করে তোলে— শুধু ডিগ্রি নয়। ডিং বলেন, ‘অনেকেই উচ্চশিক্ষা নিয়েও এই ধরনের কাজ করেন। ডেলিভারি বয়ের কাজেরও মূল্য আছে। এটা সমাজের জন্য অবদান রাখার একটি পথ।’

অনেকেই তাঁকে গৃহশিক্ষক হিসেবে কাজ করার পরামর্শ দিয়েছেন, তবে ডিং জানিয়েছেন, তিনি ‘খুব লাজুক’। তাই ছাত্র খোঁজার কাজটা তাঁর পক্ষে সহজ নয়। ফলে গৃহশিক্ষকের কাজ না করে ডেলিভারিতেই মন দিয়েছেন।

ডিং চীনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ইতিবাচক মনোভাব বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘জীবনে চ্যালেঞ্জের মুখে কখনো মনোবল হারাবেন না।’

তাঁর এই গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ উচ্চশিক্ষার বাস্তব মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার অনেকেই ডিংয়ের ধৈর্য, পরিশ্রম ও আত্মমর্যাদাবোধের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এটাই জীবন। ডিগ্রি থাকলেই যে সব সময় চাকরি মিলবে, এমন গ্যারান্টি নেই। তবে সকল কাজকে সম্মান করা উচিত।’

আরও খবর পড়ুন:

বিশ্বকাপের দরকার নেই চীনের, তাদের আছে ‘ভিলেজ সুপার লিগ’

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, চীনে আটক মার্কিন বিজ্ঞানী

চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে প্রায় ২০ লাখ মানুষ

সক্রিয় ফল্ট লাইনে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করছে চীন, বিশেষজ্ঞরা বলছেন ‘টাইম বোমা’

চীনের গুয়াংজিতে বন্যায় নিহত ৩৯, ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

চীনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

৪৫৫ শিশুর জীবন বাঁচাতে সর্বস্ব দান করলেন চীনা দম্পতি, ঘরে মিলল জরাজীর্ণ আসবাব

দুর্নীতির অভিযোগে সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল চীন

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরল পরীক্ষা চীনের, প্রতিবেশীদের উদ্বেগ