হোম > ফ্যাক্টচেক > দেশ

পোশাকশ্রমিক আন্দোলন ঘিরে সামাজিক মাধ্যমে একাধিক ভুয়া খবর ও অপপ্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ছড়ানো দাবি। ছবি: স্ক্রিনশট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সম্প্রতি রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া, হেমায়েতপুর ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলে। এ আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের গুলিতে আশুলিয়ায় ৮ শ্রমিক এবং হেমায়েতপুরে ৫ শ্রমিক নিহত হওয়ার দাবি ছড়িয়েছে। এ ছাড়া শ্রমিকদের মিছিলে গুলি চালানোর দৃশ্য, আহত শ্রমিকের বক্তব্য এবং বিএনপি নেতার অস্ত্র হাতে হামলার ছবি দাবিতেও বিভিন্ন ভিডিও ও ছবি প্রচার করা হয়েছে। আজকের পত্রিকার অনুসন্ধানে এমন কয়েকটি দাবির সত্যতা যাচাই করা হয়েছে।

পুলিশের গুলিতে আশুলিয়ায় ৮ শ্রমিক নিহতের বানোয়াট দাবি

৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়—আশুলিয়ায় পুলিশের গুলিতে ৮ জন পোশাকশ্রমিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

তবে অনুসন্ধানে এ দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। জাতীয় দৈনিক ‘যুগান্তর’-এর ওয়েবসাইটে ২ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিসহ কয়েক দফা দাবিতে সেদিন সাভার ও আশুলিয়ার তৈরি পোশাকশিল্প এলাকায় বিক্ষোভ হয়। শতাধিক কারখানার শ্রমিক রাস্তায় নামেন। এ সময় একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষে দেড় শতাধিক ব্যক্তি আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া অন্যান্য মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ৩ নভেম্বর শ্রমিকদের বিক্ষোভে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও সেখানে কেউ মারা যাননি। মূলত, গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক হোসেন নামে আহত এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেলেও আশুলিয়ায় গুলিতে ৮ জন নিহতের খবরটি ভিত্তিহীন।

শ্রমিকদের মিছিলে গুলি চালানোর দৃশ্যটি এআই দিয়ে তৈরি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে ‘তারেক রহমানের নির্দেশে গার্মেন্টস শ্রমিকদের মিছিলে গুলি চালাচ্ছে’ দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে ভিডিওটির সত্যতা পাওয়া যায়নি। এ ছাড়া, ভিডিওতে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ করা যায়। পুলিশ সদস্যদের সামনে ককটেল বিস্ফোরিত হলেও তাঁদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। এ ছাড়া ভিডিওতে রাস্তার ডিভাইডার হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া এবং কয়েকজনের শরীরের অবয়ব বিকৃত হয়ে একে অপরের সঙ্গে মিশে যাওয়ার মতো অসংগতিও রয়েছে। এসব বিষয় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত দেয়।

ভিডিওটি এআই দিয়ে তৈরি কি না, তা যাচাই করতে একাধিক এআই শনাক্তকারী টুলের সহায়তা নেওয়া হয়। এসব টুলের বিশ্লেষণে জানা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হবার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ।

আজকের পত্রিকার তুলনাচিত্র

হেমায়েতপুরে ৫ শ্রমিককে গুলি করে হত্যার দাবি

৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়, ‘হেমায়েতপুরে গুলি করে ৫ জন শ্রমিককে হত্যা’।

তবে অনুসন্ধানে এ দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র ওয়েবসাইটে ৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সাভারের হেমায়েতপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ওই প্রতিবেদনে কোনো নিহতের তথ্য উল্লেখ করা হয়নি। এ ছাড়া, অন্য কোনো জাতীয় দৈনিক বা নির্ভরযোগ্য সূত্রেও হেমায়েতপুরে পাঁচ শ্রমিক নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

মূলত, শ্রমিক আন্দোলন চলাকালে গাজীপুরে আহত পোশাকশ্রমিক তৌফিক হোসেন ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার তথ্য পাওয়া গেলেও আলোচিত দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

জুলাই আন্দোলনের পুরোনো ভিডিওকে পোশাকশ্রমিক বিক্ষোভের দৃশ্য দাবিতে প্রচার

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আহত এক শ্রমিকের বক্তব্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে এক ব্যক্তিকে টিয়ারশেলের প্রভাবে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘আমি যদি মারাও যাই, আপনারা পিছপা হবেন না।’

অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পোশাকশ্রমিক আন্দোলনের নয়। এটি সাম্প্রতিক সময়েরও নয়। ২০২৪ সালের জুলাই আন্দোলনে টিয়ারশেলের প্রভাবে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তির পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টিফোরের’ একটি ভিডিও পাওয়া যায়। ২০২৪ সালের ৪ আগস্ট নিজেদের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই ভিডিওর একটি দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওর বিস্তারিত অংশ থেকে জানা যায়, এটি ২০২৪ সালের জুলাইয়ে ঝিনাইদহে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

পোশাকশ্রমিকদের ওপর বিএনপি নেতার অস্ত্র নিয়ে হামলার বানোয়াট দাবি

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে—বিএনপির এক নেতা হাতে ভারী অস্ত্র নিয়ে গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে হামলা করেছেন।

দাবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ২ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে এক যুবকের প্রতিপক্ষকে ধাওয়া করার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর ‘আজকের পত্রিকা’র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা যুবকের ছবির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটির হুবহু সাদৃশ্য রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই যুবককে অস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা যায়। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।

আজকের পত্রিকার তুলনাচিত্র।

সিদ্ধান্ত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া ও বিভ্রান্তিকর দাবি প্রচার করা হয়েছে। এর মধ্যে আশুলিয়ায় আটজন এবং হেমায়েতপুরে পাঁচজন শ্রমিক নিহত হওয়ার দাবিতে ভিত্তিহীন তথ্য ছড়ানো হয়েছে। এ ছাড়া শ্রমিকদের মিছিলে গুলি চালানোর দাবিতে এআই ভিডিও প্রচার এবং একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের পুরোনো সংঘাতের ভিডিও চিত্র এবং সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ সংঘর্ষের ছবি সাম্প্রতিক পোশাকশ্রমিক আন্দোলনের ঘটনা দাবি করে অপপ্রচার চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

জাদু দেখানোর পুরোনো ভিডিওকে ফের ছাত্রলীগ নেতাকে হত্যা বলে প্রচার

সাজেক ‘জেএলএ’ বাহিনীর নিয়ন্ত্রণে দাবিতে মিয়ানমারের ছবি প্রচার

সাজেকে সংঘাত দাবিতে ছড়ানো ভিডিওগুলো মিয়ানমার ও আসামের

মানিকগঞ্জের চুরির ঘটনার ভিডিওকে জয়পুরহাটে মহিলা লীগ নেত্রীকে নির্যাতন দাবিতে প্রচার

ছিনতাইয়ের নতুন কৌশল ‘ইলেকট্রিক শক’, দাবিতে ছড়ানো ভিডিওটি স্ক্রিপ্টেড

মসজিদে দেওয়া বক্তব্যের ভিডিওতে মন্দিরে বক্তব্যের অডিও জুড়ে দিয়ে মন্ত্রীর নামে অপপ্রচার

মাদক কারবারের অভিযোগে স্থানীয়দের বাড়িঘর ভাঙচুরের দৃশ্যকে সংখ্যালঘু নির্যাতন বলে প্রচার

দুর্গাপূজা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নামে ভুয়া উদ্ধৃতি প্রচার

বিএনপির কার্যালয় ভাঙচুরের ভিডিওটি ২০২৪ সালের

দুর্গাপূজার প্যান্ডেল ভাঙচুরকারী দাবিতে ছড়ানো ভিডিওর ব্যক্তি শামীম হত্যায় গ্রেপ্তার আমিনী