হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কালভার্ট থাকলেও নেই সংযোগ সড়ক, দুর্ভোগে রসুলপুরের ৩ হাজার মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

কালভার্টটির দুই পাশে সংযোগ সড়কে মাটি না থাকায় বালুর বস্তা দিয়ে কোনো রকমে চলাফেরা করে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

কালভার্ট আছে, কিন্তু সংযোগ সড়কে মাটি নেই। ফলে সেটি ব্যবহারযোগ্য না হয়ে উল্টো দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামে এমন একটি ছোট কালভার্ট ঘিরে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ।

শনিবার সরেজমিন দেখা যায়, উপজেলার রসুলপুর কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসাসংলগ্ন স্থানে নির্মিত কালভার্টটির দুই পাশে সংযোগ সড়কে মাটির কাজ হয়নি। এতে করে কালভার্টটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে।

স্থানীয়দের ভাষ্য, ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হলেও প্রয়োজনীয় মাটির কাজ না হওয়ায় কাঙ্ক্ষিত সুফল মেলেনি।

এ সড়ক দিয়ে প্রতিদিন রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, কবরস্থানে যাতায়াতকারী মানুষ, মাদ্রাসা ও মসজিদের মুসল্লিসহ অন্তত ২০০ পরিবারের সদস্য নিয়মিত চলাচল করেন। বর্ষা মৌসুম এলে তাদের দুর্ভোগ চরমে পৌঁছে।

রসলপুর গ্রামের আবু তালহা বলেন, এ পথ দিয়ে কবরস্থানে যাওয়া, স্কুলে যাওয়া সবই করতে হয়। কিন্তু কালভার্টে মাটি না থাকায় চলাচল খুব কষ্টকর। বিশেষ করে বৃষ্টির দিনে অবস্থা আরও খারাপ হয়। মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময়ও অনেক সমস্যায় পড়তে হয়। যদি কালভার্টসহ প্রায় ১৫০ ফুট মাটির কাজ করা হয়, তাহলে সবার জন্যই সুবিধা হবে।

একই এলাকার আরেক বাসিন্দা আব্দুস সালাম বলেন, প্রতিদিনই এ পথ ব্যবহার করি। শুকনা সময়েও কষ্ট হয়, আর বৃষ্টি বা বন্যার সময় তো চলাচল প্রায় অসম্ভব হয়ে যায়। দ্রুত কাজটা শেষ করা দরকার।

স্থানীয় এক শিক্ষার্থী জানায়, বর্ষার সময়ে স্কুলে যেতে তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। পিচ্ছিল ও ভাঙা রাস্তা পেরিয়ে যেতে গিয়ে অনেক সময় দেরিও হয়ে যায়।

এ বিষয়ে রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হায়দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগের আমলে বেশ কয়েকবারে রাস্তাটি মাপা হয়েছিল, কিন্তু কাজ হয়নি। আর রাস্তাটি করতেও বড় বাজেট লাগবে আমরা ইউনিয়ন পরিষদ থেকে সেই বাজেট পাইনি। এ ছাড়া পাশের জমির মালিকেরাও বাধা দেয়—সব মিলিয়েই কাজটি হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি এখানে একটা বাজেট আনার জন্য।’

কামারখন্দ উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওইটা প্রকল্পের আওতায় আছে কি না, এটা আগে দেখতে হবে। এরপর আমরা বিষয়টি দেখব।’

ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগ

সিরাজগঞ্জে পিকআপ থেকে ২৪২০ লিটার পেট্রল জব্দ, ২ জনকে জরিমানা

বিদ্যুৎ জটিলতায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সিরাজগঞ্জে ডিজেল জব্দ ও ব্যবসায়ীকে কারাদণ্ড

আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানা

ফুলজোড় নদের তীর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ভুল নীতি ও দুর্নীতির ধারাবাহিকতায় দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে: প্রতিমন্ত্রী

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদন, সিরাজগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নতুন বছরের আগমনী সুর সিরাজগঞ্জ সরকারি কলেজে

ভোগান্তি থেকে বাঁচতে টি-শার্টে ফুয়েল কার্ড