শেরপুরের নালিতাবাড়ীতে তরুণদের মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ‘মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলাধুলায় মন দিই, মাদককে বিদায় দিই’—এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিকেলে উপজেলার ভারতঘেঁষা সীমান্তবর্তী আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হকসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে শতাধিক তরুণ-তরুণী ও নারী ফুটবলারদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি হয়। পরে স্থানীয় শিল্পীরা মাদকবিরোধী থিম সংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
উদ্বোধনী ম্যাচে নালিতাবাড়ী ইউনিয়ন একাদশ ৪-০ গোলে রামচন্দ্রকুড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
আয়োজকেরা জানান, উপজেলার আটটি দল নিয়ে নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের ঝুঁকি বিবেচনায় তরুণদের খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।