হোম > সারা দেশ > রংপুর

পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

রংপুরে পুলিশ হেফাজতে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর নিহত ব্যক্তির লাশ নিয়ে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ধস্তাধস্তি হয়।

তবে হেফাজতে আসামির মৃত্যুর ঘটনায় রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করবেন।

নিহত ব্যক্তির নাম মুকুল মিয়া (৪৫)। পেশায় তিনি ট্রাকচালক ছিলেন। তাঁর বাড়ি রংপুর মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডের ধাপ চিকলী ভাটা এলাকায়।

মুকুল মিয়ার স্ত্রী লাভলী বেগম অভিযোগ করেন, তাঁর স্বামীর বিরুদ্ধে পরশুরাম থানায় গাড়িসংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গতকাল রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে গিয়ে তাঁর স্বামীকে গ্রেপ্তার করেন। ১০ মিনিট পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের প্রতিবেশী ওয়ার্ড বয় মাহিন তাঁকে ফোন করে জানান, তাঁর স্বামীর লাশ জরুরি বিভাগের সামনে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার পর তাঁরা হাসপাতালে এসে তাঁর লাশ দেখতে পান।

লাভলী বেগমের অভিযোগ, তাঁর লাশ ফেলে রেখে সটকে পড়েন পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুকুলের মৃত্যুর ঘটনা জানাজানি হলে তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী হাসপাতালে আসেন। তাঁরা রাত দেড়টার দিকে মুকুলের লাশ শহীদ মুখতার এলাহী চত্বরে রেখে ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি ঘটনাস্থল থেকে সরে যান।

এ বিষয়ে আজ শুক্রবার কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মহানগর কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলীকেও একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী আজকের পত্রিকাকে বলেন, আগে ঝামেলাগুলো শেষ হোক। মৃত্যুর ঘটনা কীভাবে ঘটেছে, তা তদন্ত করা হবে।

রংপুরে নদীতে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু

সাপের কামড়ের পরও দেখছিলেন খেলা, ঘণ্টাখানেক পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

পীরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড: রায়ের দশ বছর পর গ্রেপ্তার বাবা

পীরগঞ্জে সাংবাদিক আনজারুল হকের দাফন সম্পন্ন

কাউনিয়ায় মাদক-ক্যাসিনো মামলার আসামি গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে বিলে গোসল করতে নেমে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

১০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু

পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: শ্রমিকদের হামলায় আহত ১০, সড়ক অবরোধ

বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

আবু সাঈদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাচ্ছে: ছাত্রশিবির সভাপতি