পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭) ও বোদা উপজেলার সাতখামার এলাকার সাজ্জাদ হোসেন (২৩) এবং জীবন ইসলাম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ইয়ানুর ও তাঁর ফুফাতো ভাই সাব্বির একটি মোটরসাইকেলে করে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে জীবন ও সাজ্জাদ আরেকটি মোটরসাইকেলে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন। পথে ধরধরা পুল এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।