কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়ীয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুস শুকুর (৪০) রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ভুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি শুকুর। রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও তাঁর কোনো খোঁজ পাননি। শনিবার বিকেলে স্থানীয়রা রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ভুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন জানান, নিহত আব্দুস শুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।