হোম > সারা দেশ > নীলফামারী

জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

নীলফামারী প্রতিনিধি

প্রতীকী ছবি

নীলফামারী সদরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের পাথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে। অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে। তবে বিরোধপূর্ণ জমিটি ছোট ভাই আবুল হোসেনের দখলে থাকায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার সকালে এ বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুরে চলন্ত ইজিবাইক থেকে তরুণীর মোবাইল ছিনতাই

সংস্কারে ধীরগতি, ভোগান্তি

উন্নয়নের ভোগান্তিতে সৈয়দপুর

ইজারার আড়ালে চাড়ালকাটা নদী কেটে বালুর বাণিজ্য, ঝুঁকিতে তিস্তা সেচ ক্যানেল

রাতে পূজা দেখতে বেরিয়েছিলেন যুবক, ভোরে রেললাইনে মিলল ছিন্নভিন্ন মরদেহ

যাত্রাবিরতির দাবিতে নীলফামারীতে ট্রেন আটকে অবরোধ, ৪ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

সৈয়দপুরে ময়লার স্তূপ ঢাকা হলো বালু দিয়ে

প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে প্রস্তুতি, বালুচাপা দেওয়া হলো ময়লার ভাগাড়

ভারত থেকে এল ১৮টি রেলকোচের প্রথম চালান

অর্থ আত্মসাতের অভিযোগ, নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি