হোম > সারা দেশ > নাটোর

ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

(বাঁ থেকে) এমপি আবদুল আজিজ, বড় ছেলে নুরুজ্জামান মিন্টু ও ছোট ছেলে মাহমুদুজ্জামান সোহাগ।

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার বেলা ১১টার দিকে আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আদালতে মিন্টুর সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মিন্টুর তিন দিনের রিমান্ড শেষ হয় গত শুক্রবার। ওই রিমান্ড চলাকালেই মামলাটি তদন্তের জন্য থানা থেকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিন দিনের রিমান্ড শেষে গত শুক্রবার বিকেলে মিন্টুকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার নতুন তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

আজ সোমবার দুপুরে শফিকুল ইসলাম জানান, আদালতে রিমান্ড আবেদনের শুনানির সময় মিন্টুর আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। তিনি যুক্তি দেন, ইতিমধ্যে মিন্টুকে একবার রিমান্ডে নেওয়া হয়েছিল। তাই দ্বিতীয়বার রিমান্ডের প্রয়োজন নেই। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, আগের রিমান্ড হয়েছে অন্য তদন্ত কর্মকর্তার সময়। নতুন তদন্ত কর্মকর্তারও আসামিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তদন্ত কর্মকর্তা আরও জানান, রিমান্ড শুনানির সময় আদালতে আসামি মিন্টুকেও হাজির করা হয়েছিল। রিমান্ড মঞ্জুর হওয়ার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল থেকেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হবে।

 

ছাত্রদল নেতা শাকিল ইসলাম গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরে হামলার শিকার হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়। সেদিন হাসপাতালে কেন্দ্রীয় ছাত্রদল নাটোর-৪ আসনের এমপি আবদুল আজিজকে অবরুদ্ধ করে। পরে বাবার কথায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এমপিপুত্র মিন্টু।

শাকিল হত্যা মামলায় আনিসুর রহমান ও মো. আল-আমিন নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এখন কারাগারে। তাঁদেরও রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

গুরুদাসপুরে ৩০ বস্তা সার জব্দ

বাড়িতে মেহমান নিয়ে ব্যস্ত সবাই, পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

নাটোরের গুরুদাসপুর: অপরাধে এমপিপুত্রের ঘনিষ্ঠ গ্রুপও

ভালো কাজে বাধা দিলে সরকার আরও কঠোর হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিদেশযাত্রার আগে চাকরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শাকিল হত্যার বিচার না হলে তরুণেরা রাজনীতিতে উৎসাহিত হবেন না: প্রতিমন্ত্রী পুতুল

নিরাপত্তা-সংকটের কথা জানাল শাকিলের পরিবার, পুলিশ দিতে বললেন পুতুল

লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোরে খুনের মামলায় বিএনপির এমপির ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

গুরুদাসপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, কসাইকে জরিমানা