নাটোরে বিমানমন্ত্রী ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপের পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম (২৭) নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, তানিম কী উদ্দেশ্যে খেলনা পিস্তল নিয়ে সভাস্থলে গিয়েছিলেন, তা অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।
এদিকে স্থানীয় ও এলাকাবাসীর দাবি, আটক যুবক তানিম মানসিকভাবে অসুস্থ। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকায় থাকেন। কয়েক বছর আগে তাঁর বাবা মারা যাওয়ার পর থেকে তিনি বাবার সারের ডিলারশিপ ব্যবসা দেখাশোনা করেন। এলাকার মানুষ তাঁকে খুব কম চেনে।
জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, আটক তানিম বিএনপি বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো সদস্য নন। তাঁর বাবা জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক ছিলেন।
এর আগে আজ দুপুরে নাটোর সফরে আসেন বিমানমন্ত্রী আফরোজা খানম। পরে তিনি জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গণভবন পরিদর্শনে যান। বিকেলে গণভবনের মূল ফটকের পাশে পথসভায় বক্তব্য দেন মন্ত্রী ও হুইপ। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় যুবক তানিম অস্বাভাবিকভাবে তাঁদের সামনে চলে আসেন। এ সময় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তল্লাশি করে তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে।