হোম > সারা দেশ > নরসিংদী

জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

নিহত সৌরভ। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সৌরভ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌরভ গত পাঁচ বছর ধরে জেদ্দার আলসাইম কোম্পানির হয়ে একটি ব্যাংকে চাকরি করতেন। এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে কর্মস্থলে ফিরে যান।

নিহতের মা রেনু বেগম বলেন, ‘সৌরভ আমার একমাত্র ছেলে ছিল। ম্যানেজার তার বাবার ফোনে কল করে জানান, জরুরি অবস্থায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে রেলিং ধরে নামতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মৃত্যু হয়েছে আমার ছেলের। ছেলে ফোনে প্রায়ই আমার খোঁজখবর নিত। এখন কে আমার খবর নেবে? আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। নিজের হাতে ছেলেকে হাত বুলায়ে মাটি দিতে চাই। সরকারের কাছে আবেদন, দ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে দিন।’

নিহতের বাবা আমির ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে সৌদি আরবে সৌরভ যে কোম্পানিতে কাজ করতেন, সেই কোম্পানির ম্যানেজার ফোন করে তাঁর মৃত্যুর কথা জানান।

স্বজনদের ভাষ্য, গতকাল মঙ্গলবার ভোরে সৌরভ জেদ্দায় তাঁর বাসার ছাদে যান। এ সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল তাঁদের দিকে আসতে দেখে এবং মুঠোফোনে অ্যালার্ম বাজতে থাকায় তিনি আতঙ্কিত হয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। এ সময় তাঁর পায়ে তার বা রশি পেঁচিয়ে গেলে তিনি পড়ে যান এবং সিঁড়ির পাশের দেয়ালে মাথায় গুরুতর আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। সকালে তাঁর সঙ্গে থাকা লোকজন ঘুম থেকে উঠে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখানে থাকা বাংলাদেশিরা পুলিশকে খবর দিলে স্থানীয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের খালাতো ভাই রাকিব ভূইয়া বলেন, ২ মিনিট ৪০ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আতঙ্ক সেখানে থাকা লোকজন তাড়াহুড়ো করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন। সৌরভ সিঁড়ি দিয়ে নিচে নামার সময় পড়ে গিয়ে দেয়ালে মারাত্মক আঘাত পান। সঙ্গে থাকা কয়েকজন তাঁকে হাত ধরে ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হন।

স্বজন কামাল মিয়া বলেন, ‘সৌরভ অত্যন্ত নম্র, ভদ্র ও শান্ত প্রকৃতির ছেলে ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে মা-বাবা পাগলপ্রায়। সৌরভের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করার দাবি করছি।’

সৌরভের প্রবাসী স্বজনেরা জানান, এ ঘটনায় স্থানীয় পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।