নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্যসহ নগদ অর্থ উদ্ধার করেছে এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্প।
আজ বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেন।
এসআরবি-১১-এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীর একটি দল ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় তল্লাশি শেষে সেখান থেকে অস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, বিভিন্ন ধরনের ৬১ রাউন্ড গুলি, ছয়টি ব্ল্যাঙ্ক কার্তুজ, ২১ রাউন্ড শটগানের রাবার কার্তুজ, ২০ রাউন্ড শটগানের সিসার কার্তুজ, নয়টি দেশীয় চাপাতি ও ছোরা, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা।
সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে কোনো চক্র এসব অস্ত্র, গুলি ও মাদক পরিত্যক্ত ঘরটিতে মজুত করে রেখেছিল।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। উদ্ধার করা আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।