হোম > সারা দেশ > নরসিংদী

জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

সৌদিপ্রবাসী বাংলাদেশি যুবক সৌরভ ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

নিহত সৌরভ রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর গ্রামের আমির ইসলাম ও রেনু বেগমের একমাত্র ছেলে। তিনি আলসাইম কোম্পানির অধীনে জেদ্দার একটি ব্যাংকে টি-বয় হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার ও প্রবাসীদের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাসার ছাদে অবস্থান করছিলেন সৌরভ। ওই সময় ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জেদ্দার দিকে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার চেষ্টার সময় পায়ে তার কিংবা রশি পেঁচিয়ে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সকালে সঙ্গে থাকা অন্য প্রবাসীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সেখানে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সৌরভের সঙ্গে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

গতকাল মঙ্গলবার বিকেলে সৌদি আরবে থাকা এক ব্যক্তি সৌরভের স্বজনদের ফোন করে তাঁর মৃত্যুর খবর জানান। খবর ছড়িয়ে পড়লে মুছাপুর গ্রামের বাড়িতে শোকের মাতম শুরু হয়।

আজ বুধবার সকালে বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন মা রেনু বেগম। স্বজন ও স্থানীয়রাও সেখানে ভিড় করছেন।

নিহত সৌদিপ্রবাসী সৌরভ ইসলামের মা রেনু বেগম। ছবি: আজকের পত্রিকা

নিহতের মা রেনু বেগম বলেন, ‘সৌরভ আমার একমাত্র ছেলে ছিল। ফোনে বারবার আমার খোঁজ নিত। এখন কে আমার খবর নেবে? আমি শেষবারের মতো ছেলের মুখটা দেখতে চাই। নিজের হাতে ছেলেকে মাটি দিতে চাই। সরকারের কাছে আবেদন, দ্রুত আমার ছেলের মরদেহ দেশে এনে দিন।’

সৌরভের বাবা আমির ইসলাম বলেন, ‘মঙ্গলবার বিকেলে সৌদিতে সৌরভের সঙ্গে থাকা একজন ফোন করে তার মৃত্যুর খবর দেন। এখন ছেলের মুখটা দেখতে চাই, নিজের হাতে মাটি দিতে চাই। সরকারের কাছে অনুরোধ, দ্রুত আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।’

সৌরভের স্বজন তৌহিদুল ইসলাম ও কামাল মিয়া বলেন, সৌরভ অত্যন্ত নম্র, ভদ্র ও শান্ত প্রকৃতির ছিলেন। ক্ষেপণাস্ত্রের আতঙ্কে দ্রুত নামতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তাঁরা।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। নিহতের স্বজনরা যোগাযোগ করলে মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করা হবে।’

রায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতি

আড়িয়াল খাঁ নদের তীরে পড়ে ছিল হাত-পা বাঁধা বস্তাবন্দী যুবকের লাশ

সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনিয়মের দায়ে রায়পুরায় চার হাসপাতাল-ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

নরসিংদীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী পালিত

নরসিংদীতে এসআরবির অভিযান, অস্ত্র-মাদকসহ ১০ লাখ টাকা উদ্ধার

নরসিংদীতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে ককটেল ফাটিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৪

সিলেট থেকে ১৪০ রাউন্ড সিসার গুলি নিয়ে ঢাকায় আসছিলেন নারী

রায়পুরায় অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৩