নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ঘটনায় নারী ও শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত নদী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো শান্ত (২৪) নামে একজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া তিনজন হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০) এবং কালীগঞ্জের ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে শিবপুরের দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে স্বজন মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় নদীর তীব্র স্রোতে প্রথমে তিনজন তলিয়ে যান। এ সময় তাদের বাঁচাতে স্বজন সৌরভ নদীতে ঝাঁপ দিলে তিনিও স্রোতে ভেসে যান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চেষ্টা চালিয়েও তাঁদের খোঁজ পাননি। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিস শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরবর্তীতে রাতে আলো ও প্রতিকূল পরিস্থিতির কারণে অভিযান স্থগিত রেখে শনিবার সকালে ভৈরব থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল এনে পুনরায় তল্লাশি শুরু করা হয়।
শনিবার সকাল থেকে নদীর প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে অভিযান চালানো হয়। দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় শান্তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বাকি দুজনের মরদেহও নদী থেকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া গেছে। নিখোঁজ শান্তর সন্ধানে নদীতে ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজ পুরোপুরি শেষ হলে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।