মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও গ্রামের আল্লামা আফজাল আহমেদ দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানাসংলগ্ন সিরাজদিখান-ইছাপুরা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদার ও যুবদলের সদস্য সিফাত উল্লাহ জনির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উপজেলা যুবদলের সদস্যসচিব শাহাদাত শিকদার, তাঁর ভাই সাখাওয়াত শিকদার, রশুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আরশাদ আলী, তানভীর শিকদার ও রোমান ঢালী আহত হন।
আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আহত সাখাওয়াত শিকদার, তানভীর শিকদার ও আরশাদ আলীর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, সংঘর্ষে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।