ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন যশোর কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে সুজন (৩৭)। তিনি পিকআপটির চালক ছিলেন। অপরজন খুলনার ডুমুরিয়া উপজেলার জীবনের ছেলে ইছারুল (২৫)। তিনি পিকআপটির সহকারী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন এবং যশোরে বসবাস করতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, যশোর থেকে কাঁচামাল বোঝাই করে পিকআপ ভ্যানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথে নিমতলা আন্ডারপাস এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি পিকআপটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সুজনের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় সহকারী ইছারুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ থানায় রাখা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ থানায় রয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।