হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভাড়া নিয়ে দ্বন্দ্ব, কৌশলে রিকশাচালককে নির্জনে নিয়ে ইটের আঘাতে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার জুলহাস হোসেনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বার্থা গ্রামে আলোচিত রিকশাচালক মো. জুসন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার হওয়া মূল আসামি মো. জুলহাস হোসেন (২৪)। ভাড়া নিয়ে বিতর্কের জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে হত্যাকাণ্ডের মূল আসামি জুলহাস হোসেনকে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুনরায় পুরো ঘটনাপ্রবাহ যাচাই করে পুলিশ। ঘটনাস্থল ঘুরে দেখানোর সময় জুলহাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া বক্তব্য পুনরায় বর্ণনা করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল রাতে বিকাশে টাকা ক্যাশ-ইনের কথা বলে জুসনের রিকশা ভাড়া নেন জুলহাস। শহরের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির একপর্যায়ে ভাড়া নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। জুসন ৮০০ টাকা ভাড়া দাবি করলে জুলহাস দিতে চান মাত্র ২০০ টাকা। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে জুসন তাঁকে রিকশা থেকে নামিয়ে দেন।

এই ক্ষোভ থেকে জুলহাস তখন বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে আবারও জুসনের রিকশায় ওঠেন। পরিকল্পনা অনুযায়ী তাঁকে বার্থা গ্রামের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ইট দিয়ে মাথায় একাধিক আঘাত করে হত্যা করেন। হত্যার পর মরদেহ রাস্তার পাশের ঝোপে লুকিয়ে রেখে পালিয়ে যান।

পরদিন ৭ এপ্রিল দুপুরে স্থানীয় বাসিন্দারা ঝোপের নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ঘটনার তদন্তে নেমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আজ সকালে ঢাকার একটি এলাকা থেকে জুলহাসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ঘটনাস্থলে নিয়ে গেলে তিনি হত্যার পুরো ঘটনাপ্রবাহ বর্ণনা করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

বর্ষার সুরে মানিকগঞ্জে মুগ্ধতা ছড়াল ‘বর্ষায় নজরুল’

সিংগাইরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত তিন

অতিবৃষ্টিতে নষ্ট খেত, দাম বেড়েছে কাঁচা মরিচের

বিশ্বকাপ ফাইনাল: মানিকগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের ১০০ স্থানে বড় পর্দা ও ভূরিভোজ

মানিকগঞ্জে সেলফি পরিবহনের বাস খালে পড়ে নিহত ১, আহত অন্তত ৪০

দুই সপ্তাহ পর সাভারে উদ্ধার মানিকগঞ্জ থেকে নিখোঁজ দুই ছাত্রী

দৌলতপুরে মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

সাটুরিয়ার গাজীখালী: খননেও মেলেনি নদীর সুফল

‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ আটক আইনজীবী, গাঁজাগাছ উদ্ধার

অটোরিকশার ঝাঁকুনিকে কেন্দ্র করে কিশোর চালককে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি পিবিআইয়ের