খুলনায় দুর্বৃত্তদের হামলায় অনিন্দ্য কুমার দাস নামে এক খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় নগরের ফরাজীপাড়ার আকবর স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনিন্দ্য কুমার দাস আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার পর পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ছুরি দিয়ে তাঁকে আঘাত করে। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কী কারণে তাঁর ওপর হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। তাঁরা ফিরে এলে বিস্তারিত জানাতে পারব। এ ছাড়া অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’