ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে তাঁকে বারোবাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যেত। তবে স্থানীয় কেউ তাঁর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।
বারোবাজার স্টেশনমাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হলে তারা এসে মৃতদেহ নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছেন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।