ঝিনাইদহের মহেশপুরের চাপাতলা সীমান্ত এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি, বয়স আনুমানিক ৬০ বছর।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে কালো বোরকা পরিহিত অবস্থায় ধানখেতের আইলে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ বিল্লাল হোসেন বলেন, মহেশপুরের সীমান্তবর্তী চাপাতলা এলাকার বিলের মাঠে ধানখেতে বেলা দেড়টার দিকে এক নারীর মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহের গায়ে এখন পর্যন্ত আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, খবর পেয়ে বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে গিয়েছিল। তবে মরদেহ উদ্ধার ও অন্যান্য কাজ করছে পুলিশ।