হোম > সারা দেশ > গাইবান্ধা

‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে চাকরি ও ভাতা দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

অভিযুক্ত শেখ জাহিদ হাসান জিল্লুর। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি চাকরি ও বিভিন্ন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, নিজেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি প্রতারণা করে যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে।

অভিযুক্ত শেখ জাহিদ হাসান জিল্লুর উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের মৃত মো. ফরজান আলী মাস্টারের ছেলে।

তবে অভিযোগ অস্বীকার করে শেখ জাহিদ হাসান জিল্লুর বলেন, সম্প্রতি এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করায় জড়িত ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে বলে দাবি করেন তিনি।

সরেজমিনে জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) চাকরি করতেন শেখ জাহিদ হাসান জিল্লুর। ২০১৯ সালের দিকে চাকরি হারান নিজ অপকর্মের কারণে। এর পর থেকে এলাকায় থাকেন তিনি।

সরকারি চাকরি, ঘর, বয়স্ক ও বিধবা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন জিল্লুর। সরকারি চাকরির নিয়োগপত্রও তৈরি করে দিয়েছেন অনেককে। বিষয়গুলো নিয়ে এলাকায় সালিসও হয়েছে কয়েকবার। তবু থেমে নেই শেখ জাহিদ হাসান জিল্লুর। গ্রামের সহজ-সরল মানুষগুলোকে ঠকানো তাঁর ব্যবসায় পরিণত হয়েছে। নিজেকে উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করে কাজগুলো করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা জানান, প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর টাকা ফেরত চাইলে তাঁদের নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ঘটনায় প্রতিকার ও আইনি সহায়তা চেয়েছেন তাঁরা।

দক্ষিণ ধোপাডাঙ্গা ভেঁকিরমোড় গ্রামের বাসিন্দা ও প্রতারণা শিকার মো. আবদুল মান্নান মিয়া ওরফে মাজহারুল বলেন, ‘নৌবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১৭ লাখ টাকা নিয়েছিলেন জিল্লুর। পরে একটা নিয়োগপত্রও দিয়েছিলেন। শেষে বিভিন্ন মাধ্যমে জানতে পারি, নিয়োগপত্রটি ভুয়া।’

কথা হয় আরও এক ভুক্তভোগী দক্ষিণ বেকাটারী গ্রামের মো. মফিজল হকের সঙ্গে। তিনি বলেন, ‘আমার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় লাখ টাকা নিয়ে আমার হাতে একটি ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেন। পরে আমি তাঁকে আটক করি এবং টাকা ফেরত চাই। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিছুদিন সময় নেন। সে টাকা আজও দিচ্ছেন না। চাইলেই নানা টালবাহানা ও ভয়ভীতি দেখাচ্ছেন।’

আরও এক ভুক্তভোগী দক্ষিণ ধোপাডাঙ্গা বেডারভিটা গ্রামের মোছা. আজিরন বেওয়া জানান, তাঁর নাতির নামে শিশু ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে। সেই কার্ড হয়নি। এখন টাকা ফেরত চাইলে মামলার ভয় দেখানো হয়।

একই গ্রামের ছকু মিয়া জানান, আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নিয়েছিলেন জিল্লুর। ঘর হয়নি তাঁর নামে। এখন টাকা ফেরত চাইলেই তিনি বিভিন্ন ধরনের হুমকি দেন। এ বিষয়ে আইনের সহায়তা চেয়েছেন ওই ভুক্তভোগী।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী অপহরণ, গ্রেপ্তার ৩

মিটার চুরি করে স্লিপে নম্বর, বিকাশে টাকা চেয়ে প্রতারণা

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ কারবারি আটক

স্কুলশিক্ষককে হত্যার হুমকির অভিযোগ, ফায়ার সার্ভিস কর্মীর বিরুদ্ধে জিডি

যুবদল নেতার ছুরিকাঘাতের অভিযোগ: আহত শিবির কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের ২২ ঘণ্টা পর প্রবাসীর মরদেহ উদ্ধার

নিখোঁজের পরদিন পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের ভাসমান মরদেহ

বাবাকে হত্যার অভিযোগ মেয়ের বিরুদ্ধে, আড়াই মাস পর মরদেহ উত্তোলন