বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমন জামিনে মুক্তি পেয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে তাঁকে কারামুক্তি দেওয়া হয়।
কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের জামিন আদেশ ও সংশ্লিষ্ট সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, তানভীর সালেহীন ইমন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আয়লা গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে। তাঁর হাজতি নম্বর ১৬৫০/২৫। তিনি প্রথমে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি কারাগারে যান এবং পরে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে আনা হয়। তাঁর বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা মামলা নম্বর ৪(০৮)২০২৪-এ দণ্ডবিধির ১৪৩/১৪৭/৩২৩/৩০৭/৩০২/১০৯/১১৪/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৬ ধারায় অভিযোগ রয়েছে।
হাইকোর্টের ফৌজদারি বিবিধ মামলার জামিন আদেশ, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকার স্মারক নম্বর ৩২৬০, তারিখ ১০ মে ২০২৬ এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জের স্মারক নম্বর ৫৪৫৪, তারিখ ১০ মে ২০২৬ অনুযায়ী তাঁকে জামিন প্রদান করা হয়।