বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন।
সাত দিনের রিমান্ড শেষে মাঞ্জিল হায়দারকে আদালতে হাজির করে পুনরায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে তাঁর জামিনের আবেদন করেন অ্যাডভোকেট কামাল হোসেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।
৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১০ এপ্রিল তাঁকে এই মামলায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ১৪ এপ্রিল ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় এই মামলা করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময় মাঞ্জিল হায়দার দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে চাকরিচ্যুত করা হয়।