হোম > সারা দেশ > ঢাকা

ফেসবুকে ‘তান্ত্রিক’ সেজে অর্থ আত্মসাৎ, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পিবিআই। ছবি: আজকের পত্রিকা

স্বামীর পরকীয়া নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক তান্ত্রিকের খোঁজ পেলেন এক নারী। সমাধানের পথ দেখাতে দেখাতে হাতিয়ে নেওয়া হলো ২১ হাজার টাকা। তারপর বুঝতে পেরে মামলা করলেন তিনি। এই মামলায় তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তার দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আজ সোমবার (২৭ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পিবিআই।

পিবিআই জানায়, ভুক্তভোগী সালমা আক্তার ফেসবুকে ‘রহমত আলী কবিরাজ’ নামে একটি আইডির মাধ্যমে কথিত এক তান্ত্রিকের সঙ্গে পরিচিত হন। স্বামীর পরকীয়া সম্পর্ক দূর করার কথা বলে প্রথমে হাদিয়া হিসেবে ১ হাজার ৫০০ টাকা এবং পরে জালালী কবুতর কেনার অজুহাতে আরও ৩ হাজার ৫০০ টাকা নেওয়া হয়। এরপর জ্বীনের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলে তাঁকে ‘পটাশিয়াম পারম্যাঙ্গানেট’ ও রসালো মিষ্টি কিনে ইমো প্ল্যাটফর্মে ভিডিও কলে নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে বলা হয়। এতে রাসায়নিক বিক্রিয়ায় তাঁর হাতের তালুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আরও অর্থ নিয়ে ২১ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় গত ২১ জুন খিলক্ষেত থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২২ (২) ধারায় মামলা দায়ের হলে পিবিআই এসআইঅ্যান্ডও (উত্তর) তদন্তভার গ্রহণ করে।

তদন্তের একপর্যায়ে গত ২৪ জুলাই কুমিল্লার চান্দিনা থেকে অহিদ মিয়া ওরফে কুয়েত (২৪) ও মাহে আলম (২৭) এবং নোয়াখালীর সুধারাম থেকে মো. হাসান আলী (২০)-কে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।

পিবিআইর তদন্তে জানা গেছে, চক্রটি ‘রহমত আলী কবিরাজ’, ‘হোসেন কবিরাজ’, ‘আসমা কবিরাজ’সহ বিভিন্ন নামে ভুয়া ফেসবুক আইডি ও ইমো অ্যাকাউন্ট খুলে বিশেষ করে নারীদের টার্গেট করত। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি একসঙ্গে ব্যবহার করিয়ে রাসায়নিক বিক্রিয়ায় শরীরে ক্ষত সৃষ্টি করে পরে অলৌকিক শক্তি ও জ্বীনের ভয় দেখিয়ে অর্থ আদায় করত।

তদন্তে আরও উঠে এসেছে, চক্রটি ভারতে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে একই ধরনের প্রতারণা চালাত। সেখানে গুগল পে-র মাধ্যমে অর্থ গ্রহণ করে হুন্ডির মাধ্যমে বাংলাদেশে এনে আত্মসাৎ করা হতো। এছাড়া ভুয়া তান্ত্রিক সেবার প্রচারণা বাড়াতে বিভিন্ন অ্যাড এজেন্সির মাধ্যমে নিয়মিত ফেসবুক পেজ বুস্টিংও করত তারা।

পিবিআই জানিয়েছে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে একই ধরনের রাসায়নিক ক্ষত নিয়ে অন্তত ২০০ জন চিকিৎসা নিয়েছেন।

পিবিআই এসআইঅ্যান্ডও (উত্তর)-এর বিশেষ পুলিশ সুপার মো. ফজলে এলাহী বলেন, প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারীদের বিরুদ্ধে পিবিআই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের প্রতারণার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পিবিআই জানায়, মামলার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৩ সেপ্টেম্বর

যুবদল কর্মী ইউসুফ হত্যা: পরিকল্পনাকারীসহ চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের কথা জানাল ডিবি

রাজধানীর শ্যামপুর ব্যাংক কলোনিতে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢামেকের জরুরি বিভাগ চত্বরে দুই নারীর মৃত্যু

সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদ: কর্মকর্তাদের রেষারেষিতে রাজনৈতিক নিয়োগ

৭ বছরে অটোরিকশা বেড়ে ৫ গুণ

কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার, হাতে কামড়ের চিহ্ন

কার্যকর গণতন্ত্র ছাড়া স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়: কামাল আহমেদ

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা করা সেই ‘প্রেমিকা’ ৩ দিনের রিমান্ডে