গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে অন্যায্য বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশটেকিতে একটি পানির পাম্প উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। ডিএনসিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পানির পাম্প উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক অন্যায্য আন্দোলনের মাধ্যমে গার্মেন্টস খাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টার সমালোচনা করেন এবং তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত রাখা এবং কিশোর গ্যাং রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, এলাকাটির পানির সংকট নিরসনে আরেকটি নতুন পানির পাম্প বসানো হবে। দ্রুত স্থান নির্বাচন করে সিটি করপোরেশনের অনুমোদন ও ওয়াসার মাধ্যমে কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘আমি এই এলাকার সন্তান এবং নির্বাচনের ফল যাই হোক না কেন, সর্বদাই জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাব। এলাকার সুপেয় পানি সরবরাহ বৃদ্ধি ও উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।’