হোম > সারা দেশ > ঢাকা

বসুন্ধরা সিটিতে ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রায় ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতের ঘটনায় গ্রেপ্তার সাবেক বিক্রয়কর্মী। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে প্রায় ৯৪ কোটি টাকার সোনা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক এক বিক্রয়কর্মীকে (সেলসম্যান) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনের সড়ক থেকে গত সোমবার দুপুরে কৃষ্ণ বসাক ওরফে স্বপন বশাক (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, গ্রেপ্তার কৃষ্ণ বসাক মানিকগঞ্জের দৌলতপুরের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং ওই জুয়েলারি প্রতিষ্ঠানের সেলসম্যান ছিলেন। আত্মসাৎ করা অর্থে তিনি নিজেই একটি জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক হন, পাশাপাশি ফ্ল্যাট, গাড়ি ও পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারীর যোগসাজশে ৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণ আত্মসাৎ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির একাধিক জুয়েলারি দোকান রয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে স্টক যাচাইয়ে মোট ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালংকারের ঘাটতি ধরা পড়ে। তদন্তে সিআইডি জানতে পারে, কৃষ্ণ বসাক দায়িত্বে থাকাকালে অন্য সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে বিপুল পরিমাণ স্বর্ণ আত্মসাৎ করেন।

সিআইডির দাবি, মাসে আনুমানিক ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করলেও কৃষ্ণ বসাকের বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, তিনি একটি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এ ছাড়া ৪৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও কার পার্কিং, পুঁজিবাজারে ১৬ লাখ ৭৮ হাজার ২৯৩ টাকার শেয়ার এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব সম্পদ আত্মসাৎ করা স্বর্ণের অর্থেই গড়েছেন তিনি।

এ ছাড়া কৃষ্ণ বসাকের ব্যাংক হিসাব পর্যালোচনায় অস্বাভাবিক লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি। আত্মসাৎ করা স্বর্ণ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তাঁকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। এর আগে একই মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্‌ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে- শুনানিতে লতিফ সিদ্দিকী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

সেই শিশুর পরিবারের অভিযোগ নেই, ঢামেক কর্মচারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা ফেলায় কারাদণ্ড

নবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘ হলে ঝুঁকিতে পড়বে আমিরাতের ২০ লাখ বাংলাদেশি: রামরু

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ১২

চা খেতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই ভাই নিহত

জাবিতে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল