হোম > সারা দেশ > ঢাকা

কেমিক্যাল শিল্প স্থানান্তর: সাভারের ভুল সিরাজদিখানে এড়াতে তৎপর সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম ও কারখানা স্থানান্তর নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গতকাল আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: আজকের পত্রিকা

পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টায় মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর রাসায়নিক গুদাম ও কারখানা মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্থানান্তরের উদ্যোগ এখন প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পটির ৮৩ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে বাকি কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে রাসায়নিক গুদাম ও কারখানার মতো দাহ্য স্থাপনা সরিয়ে নেওয়ার আগে এবার শুরু থেকেই পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। সাভারের চামড়াশিল্প নগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঠেকাতে কেমিক্যাল শিল্পপার্ক চালুর আগেই বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে চায় শিল্প মন্ত্রণালয়। এ জন্য ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধানকে প্রকল্প বাস্তবায়নের অন্যতম পূর্বশর্ত হিসেবে দেখা হচ্ছে।

এই আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

গতকাল সোমবার ঢাকার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম ও কারখানা স্থানান্তর নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব বিষয় গুরুত্ব পায়। শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানান্তর কার্যক্রম নির্বিঘ্ন করতে ব্যবসায়ী সংগঠন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য ও সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বিত অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সভায় মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো তৈরি করলে এ ধরনের শিল্পপার্কের সফলতা নিশ্চিত হয় না। কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা ঠিক হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

স্থানান্তর প্রক্রিয়ায় ব্যবসায়ীদের সম্পৃক্ততাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থার প্রধানদের আলোচনায় যুক্ত করার উদ্দেশ্য হলো, উদ্যোগটির প্রতি সবার মালিকানাবোধ তৈরি করা। অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এবার যেন ঢাকা থেকে কেমিক্যাল গুদাম ও কারখানা সিরাজদিখানে স্থানান্তরের পর নতুন কোনো জটিলতা তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

সভায় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান ও মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বক্তব্য দেন।

অক্টোবরের মূল্যস্ফীতি: খাদ্যে কমেছে, অন্য খাতে বেড়েছে

ফার্মগেটের পরে মিরপুরে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন, আদালত-বিশ্ববিদ্যালয়সহ একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

জবিতে ককটেল বিস্ফোরণ, আটক ‎১

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

বিটিআরসির চিঠির আলোকে পাওনা নিষ্পত্তি চান জিপির সাবেক কর্মীরা

ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম

ঢাবির টিএসসিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ১