রাজধানীর দারুস সালামে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজু আহমেদ নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল রোববার রাত ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে, দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের (ট্রাফিক) কার্যালয়ের সামনে, খিলক্ষেত থানা ও উত্তরা পূর্ব থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া একই রাতে দারুস সালাম ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্য একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গত বৃহস্পতিবার ক্যান্টনমেন্ট থানার গল্ফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় থানা-পুলিশ ৪ জনকে, ডিবি পুলিশ ৫ জনকে, এসআরবি ৩ জনসহ সর্বমোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।