রাজধানীর মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকায় দুই ঘণ্টার অভিযানে ফুটপাত থেকে প্রায় দুই হাজার অবৈধ দোকানপাট সরিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
অভিযানে অংশ নিয়ে প্রশাসক বলেন, ‘নগরবাসীকে কথা দিয়েছিলাম, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করা হবে। রাস্তার ওপর দিয়ে মানুষ হাঁটবে, যানবাহন চলাচল করবে। সেখানে রাস্তা বন্ধ করে দোকানপাট বসানো হয়েছে।’
শফিকুল ইসলাম খান আরও বলেন, ‘ডিএনসিসির পক্ষ থেকে আমি ১০ নম্বর গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করেছি। একইভাবে নগরবাসীকে কথা দিয়েছি, একেকটি করে ফুটপাত দখলমুক্ত করব। অবৈধভাবে ফুটপাত দখল করে কোনো দোকান থাকতে পারবে না। সেই লক্ষ্যেই আজকের অভিযান পরিচালিত হচ্ছে।’
এর আগে, সেপ্টেম্বরের শেষ দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করে মিরপুর ১০ নম্বরের সড়কের ফুটপাত দখলমুক্ত করে ডিএনসিসি।
সংস্থাটি বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার সকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মিরপুর ১ গোল চত্বর এলাকায় প্রথম দফার এই অভিযান শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ফুটপাত থেকে প্রায় দুই হাজার দোকান সরানো হয়েছে।