ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে শাকিব নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জে নারিকেলবাগ এলাকায় ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
কাজী নজমুজ্জামান জানান, আজ দুপুর ১২টা ২৫ মিনিটে কেরানীগঞ্জের আতশুল রোডের ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ও পুসতলা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। দুপুর ১২টা ৩২ মিনিটে কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পুসতলা ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, আটতলা ভবনে গিয়ে প্রচণ্ড ধোঁয়া ও আগুন দেখতে পান তাঁরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে আরও তিনটি রিজার্ভ ইউনিট ঘটনাস্থলে রাখা হয়েছিল।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, ভবনের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এ কারণে বিশেষ পানিবাহী গাড়ি ও বিএ টেন্ডার আনা হয়েছিল। তবে সেগুলো ব্যবহার করতে হয়নি, স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।
কাজী নজমুজ্জামান বলেন, কারখানাটিতে খেলনার রং করার কাজে বিভিন্ন ধরনের রং ও রাসায়নিক তরল ব্যবহার করা হতো। কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। এতে আগুন দ্রুত বড় আকার ধারণ করে। এ ঘটনায় শাকিব নামের একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন। নিহত শাকিব ওই আমান প্লাস্টিক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।
কারখানায় অগ্নিনির্বাপণব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, সেখানে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণব্যবস্থা ছিল না। শুধু একটি ফায়ার এক্সটিংগুইশার দেখা গেছে আর কিছু চোখে পড়েনি।
ভবনটির অগ্নিনিরাপত্তা ও অনুমোদন-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজমুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণের কাজে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে ভবনটির কাগজপত্র পরীক্ষা করা সম্ভব হয়নি। ভবনটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও নিরাপত্তা পরিকল্পনা রয়েছে কি না, তা পরে যাচাই করে জানানো হবে।