হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম।
আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁকে আট সপ্তাহের জামিন দেন।
এর আগে গত ২১ জুলাই ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল হয়ে আলোচনায় আসা এমপি গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করেন এমপির ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।
ওবায়দুর রহমানের অভিযোগ, এমপি গাজী নজরুল ইসলামের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তাঁর হাত রয়েছে বলে সন্দেহ করে তাঁকে মারধর করা হয়। মামলায় গাজী নজরুল (৭৪) ছাড়াও তাঁর পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে।
হত্যাচেষ্টার ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন গাজী নজরুল ইসলাম। আজ জামিন আবেদনের শুনানি থাকায় তিনি আদালতে হাজির হন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।