হোম > সারা দেশ > ঢাকা

কেয়ার বাংলাদেশের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পাবেন ২ লাখ ৪৫ হাজার তরুণ-তরুণী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ইয়ুথ অ্যান্ড এমপ্লয়ার্স মিট’ শীর্ষক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: আজকের পত্রিকা

শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে নেই—এমন ২ লাখ ৪৫ হাজার তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ। ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের আওতায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষদের জন্য এ কর্মসূচি শুরু হয়েছে।

আজ বুধবার রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) আয়োজিত ‘ইয়ুথ অ্যান্ড এমপ্লয়ার্স মিট’ শীর্ষক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

কেয়ার বাংলাদেশ জানিয়েছে, এ কর্মসূচির আওতায় তরুণ-তরুণীদের কারিগরি ও উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক ও আবেগিক দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর লক্ষ্য তাঁদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়ানো।

বিশ্বব্যাংকের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আর্ন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ জন্য শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণ-তরুণীদের প্রয়োজনীয় দক্ষতায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আর্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোকলেছুর রহমান বলেন, দক্ষতা প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হতে হবে কর্মসংস্থান ও আয়মুখী উদ্যোগ। তরুণ-তরুণীদের দক্ষতা গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণ থেকে কর্মজগতে তাঁদের প্রবেশ সহজ করতে প্রকল্পটি কাজ করছে বলে জানান তিনি।

কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস বলেন, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা প্রশিক্ষণকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেয়ার বাংলাদেশের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, আর্ন শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়; এটি তরুণ-তরুণীদের সম্ভাবনাকে টেকসই জীবিকার সুযোগে রূপান্তরের মাধ্যমে তাঁদের সক্ষমতা ও ঘুরে দাঁড়ানোর শক্তি হিসেবে কাজ করবে।

বিশ্বব্যাংকের ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট রওনক জাহান নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং কর্মক্ষেত্রে তাঁদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে যুবসমাজ ও নিয়োগদাতারা একসঙ্গে দক্ষতা ও কর্মক্ষেত্রের চাহিদার মধ্যকার ব্যবধান নিয়ে আলোচনা করে। নিয়োগের ক্ষেত্রে কী ধরনের দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন, তা তুলে ধরেন নিয়োগদাতারা। অন্যদিকে চাকরি খোঁজা, কর্মজীবনে প্রবেশ এবং ব্যবসা শুরু করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা জানান অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা।

আর্ন প্রকল্পটি কেয়ার বাংলাদেশ বাস্তবায়ন করছে তার যৌথ অংশীদার সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি), দ্য আর্থ সোসাইটি, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), জাগো ফাউন্ডেশন, মিরপুর অ্যাগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল (এমএডব্লিউটিএস), তাহজিংডং, আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস (ইউসেপ) বাংলাদেশ ও ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে। প্রকল্পটি রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়িত হবে।

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী কাল, উদ্‌যাপনে নানা আয়োজন

যাত্রাবাড়ীতে সাড়ে ১৩ লাখ টাকার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেট-সংলগ্ন শতাধিক দোকান উচ্ছেদ, মালামাল জব্দ

জোরপূর্বক চুল-দাড়ি কাটাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ করাসহ ১০ দাবি

৭ দিনের আলটিমেটাম দিয়ে ঢামেকের অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

সাবেক সহকারী কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড

মিরপুর ১-এ গুঁড়িয়ে দেওয়া হলো ফুটপাতের প্রায় ২ হাজার দোকান

লাইফলাইন গ্রাহকদের ৮৭ শতাংশের বিদ্যুৎ ব্যবহার বেড়েছে, ৬৯ শতাংশের বেড়েছে বিলের চাপ: জরিপ

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার চালু

রিক্রুটিং এজেন্সির গ্রেডিং ব্যবস্থা চালু হয়নি, অনিশ্চয়তায় অভিবাসনপ্রত্যাশীরা