কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরও এক যুবক। তাঁরা দুজনই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উখিয়ার ১৫ নম্বর আশ্রয়শিবিরের ডি-৩ ও ডি-৭ ব্লকে এ ঘটনা ঘটে। ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসান খান জানান, রাতে আশ্রয়শিবিরে মিয়ানমারের সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে আরএসওর সদস্যদের বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আরসার সদস্যরা আয়াস ও সৈয়দ মোহাম্মদকে তুলে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়। গুরুতর আহত সৈয়দ মোহাম্মদকে শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, নিহত আয়াসের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।