কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার গোপাল দাসের ছেলে জয়গর দাস (৪০) ও ফুলের ডেইল এলাকার মো. শফির ছেলে মো. হোসেন।
বিজিবি সূত্র বলেছে, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে হ্নীলা বিওপি থেকে আনুমানিক এক কিলোমিটার দক্ষিণে বিআরএম-১২ থেকে প্রায় ২০০ গজ উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে স্লুইসগেট পোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।