হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বর-কনেসহ নিহত বেড়ে ১৪: দাফনের অপেক্ষায় স্বজনেরা

বাগেরহাট প্রতিনিধি

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। ছবি: আজকের পত্রিকা

নববধূকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার আগেই বাগেরহাটের মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছানোর কথা ছিল বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তাঁর স্বজনদের। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অপেক্ষায় ছিলেন নতুন বউকে বরণ করার জন্য।

সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার সকালে গ্রামবাংলার চিরাচরিত রীতি অনুযায়ী নতুন বউকে ঘিরে খুনসুটি, খাওয়াদাওয়া আর শিশুদের হই-হুল্লোড়ে মুখর থাকত বাড়িটি। কিন্তু এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই শেষ হয়ে যায় সেই আনন্দের সব আয়োজন।

বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে নববধূকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির যাত্রীরা গুরুতর হতাহত হন।

রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাইক্রোবাসের চালকসহ দুই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। গভীর রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের মরদেহ মোংলায়, ৪ জনের মরদেহ কয়রায় এবং মাইক্রোবাসচালকের মরদেহ নেওয়া হয়েছে রামপালে।

এখন শেষ বিদায়ের অপেক্ষায় স্বজনেরা।

আব্দুর রাজ্জাকের পাঁচ ছেলে ও এক মেয়ে। দুর্ঘটনায় তাঁর দুই ছেলে, এক মেয়ে, এক পুত্রবধূ ও চার নাতি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ এখন বাড়িতে রাখা হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। জীবিত থাকা তিন ছেলে, তাঁদের মা ও অন্য স্বজনেরা শোকে স্তব্ধ হয়ে পড়েছেন।

স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে হারানো জনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। স্ত্রী, সন্তান, ভাই-বোন সবাইকে হারালাম। আমি একা হয়ে গেলাম।’

রাজ্জাকের প্রতিবেশী মো. জাহিদুল ইসলাম জানান, মরদেহের গোসল সম্পন্ন হয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হবে। জানাজায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত থাকতে পারেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শরণখোলায় জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

অস্ত্রসহ আটক সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড

সেতু নির্মাণ: পাইলিংয়েই মেয়াদ শেষ, দুর্ভোগ ২০ গ্রামবাসীর

মেয়াদ শেষে হয়নি সেতু নির্মাণ, ঠিকাদার পরিবর্তনের দাবি

বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ বাঁকে বাড়ছে দুর্ঘটনা: ফকিরহাটে সাড়ে তিন মাসে নিহত ১১

কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত ছিল, ইচ্ছে করে কুমিরের মুখে দেওয়া হয়নি: তদন্ত কমিটি

খানজাহান আলীর মাজার: কুমিরের মুখে কুকুর তদন্তে কমিটি, জিডি

চিতলমারীতে বিশুদ্ধ পানির সংকটে কয়েক হাজার শিক্ষার্থী

সুন্দরবন: দস্যু আতঙ্কে কমছে মৌয়াল

ঘেরের মাছ চুরির অভিযোগে হাত-পা ভেঙে চোখ উপড়ে ফেলার চেষ্টা