উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ইউলিয়ান নাগেলসম্যানের অনুরোধে অবসর ভেঙে ফিরেছিলেন তিনি।
অবসর প্রসঙ্গে নয়্যার বলেন, ‘আমি ২০২৪ সালে ইতিবাচক এবং ভালো একটি ইউরোর পর সরে দাঁড়িয়েছিলাম। আমার জন্য এটি ছিল সঠিক সিদ্ধান্ত। গত দুই বছর জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া আমার জন্য অনেক বড় চাপ হয়ে যেত। আমার জন্য বিষয়টি পরিষ্কার—এটাই আমার শেষ টুর্নামেন্ট। আমি আগামী দুই বছরে পরবর্তী ইউরোতে থাকার কোনো পরিকল্পনা করছি না।’
ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলছেন নয়্যার। জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলছেন তিনি। জাতীয় দলের হয়ে এটাই তাঁর শেষ টুর্নামেন্ট। অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন নয়্যার, ‘গত কয়েক দিনে আমি ভেবেছি, এগুলোই জার্মানির হয়ে আমার শেষ ম্যাচগুলো। তবে আমি প্রতিটি ম্যাচেই মনোযোগ দিতে চাই, বিদায় নিয়ে ভাবতে চাই না।’
জার্মানি দলে নয়্যারের প্রত্যাবর্তন হয়েছে দারুণ। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে চারবারের চ্যাম্পিয়নরা। এটা ছিল দুই বছর পর তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২১ জুন আইভোরি কোস্টের বিপক্ষে খেলবে জার্মানি। সে ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করবে নাগেলসম্যানের দল। দারুণ শুরুর পর বিশ্বকাপ জয়ের দিকে নজর দলটির খেলোয়াড়দের।
জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন নয়্যার। এবারও তেমন কিছু করতে পারলে প্রথম জার্মান খেলোয়াড় হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবেন এই গোলরক্ষক। আপাতত সামনের ম্যাচগুলো নিয়েই ভাবছেন তিনি।
নয়্যার বলেন, ‘এখন এটাই আমাদের লক্ষ্য (নকআউটে জায়াগ করে নেওয়া)। সবকিছুই আমাদের নিজেদের হাতে। আমরা অতীতের বিশ্বকাপগুলো নিয়ে ভাবতে চাই না। দল এসব নিয়ে চিন্তা করে না। আমরা পরের ধাপে মনোযোগ দিই, আর পরের ধাপ হলো আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ। দ্বিতীয় ম্যাচের পরই কোয়ালিফাই করা বিশেষ কিছু হবে এবং এটি আমাদেরকে সামনে আরও এগিয়ে ভাবার সুযোগ দেবে।’