মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা মাঠে গড়ানো নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। তবে শেষ পর্যন্ত জানা গেল, ম্যাচ আর হচ্ছে না। উয়েফা আজ এক বিবৃতিতে ফিনালিসিমা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
আগের সূচি অনুযায়ী ২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এমনকি ভেন্যু পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) সেই প্রস্তাব গ্রহণ করেনি। উয়েফা আজ এক বিবৃতিতে বলেছে, ‘কাতারের আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে অনেক আলাপ-আলোচনা করা হয়েছে। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ফিনালিসিমা ম্যাচটি কাতারে আয়োজন করা সম্ভব হচ্ছে না। উয়েফা অন্যান্য সম্ভাব্য বিকল্পগুলোও খতিয়ে দেখেছিল। তবে শেষ পর্যন্ত কোনো প্রস্তাবই এএফএর কাছে গ্রহণযোগ্য হয়নি।’
গত বছরের ১৮ ডিসেম্বর উয়েফা ঘোষণা দিয়েছিল ২৭ মার্চ লুসাইল স্টেডিয়ামে হবে ২০২৬ ফিনালিসিমা। এই লুসাইলেই ২০২২ ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন লিওনেল মেসি। লামিনে ইয়ামাল ও মেসির লড়াই দেখতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তবে ইরান যুদ্ধের কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় উয়েফা ও কনমেবল। শেষ পর্যন্ত ২০২৬ ফিনালিসিমা বাতিলই হয়ে গেল।
২০২১ ও ২০২৪ সালে টানা দুইবার কোপা আমেরিকা জিতে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে আর্জেন্টিনা। এই দুইবার ইংল্যান্ড ইউরোতে রানার্সআপ হয়েছিল। ২০২১ ও ২০২৪ ইউরো জিতেছিল ইতালি আর স্পেন। সবশেষ ২০২২ ফিনালিসিমায় ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।