মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে গত রাতে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর শুরুর রাতেই দুঃসংবাদ পেল ফুটবল বিশ্ব। না ফেরার দেশে ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী ফুটবলার হারকিউলিস ব্রিতো রুয়াস।
গত রাতে ৮৬ বছর বয়সে মারা যান ব্রিতো। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রিও ডি জেনিরোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। ব্রিতোর মৃত্যুর খবর তাঁর পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে।
ব্রিতোর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ এক বিবৃতিতে বলেন, ‘ব্রিতো আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তাঁর অবদান অপরিসীম। এই কিংবদন্তি ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাই। যারা বিশ্বকাপে খেলবে, তাদের জন্য তাঁর লড়াকু মনোভাব অনুপ্রেরণা হয়ে থাকবে।’ তাঁর সাবেক ক্লাব ফ্লামেঙ্গোও শোক প্রকাশ করেছে।
ব্রাজিলের হয়ে ৪৫ ম্যাচ খেলেছেন ব্রিতো। জিতেছিলেন ১৯৭০ ফুটবল বিশ্বকাপ। ব্রাজিলের জন্য তৃতীয় বিশ্বকাপ হলেও তাঁর জন্য এটা ছিল প্রথম ফুটবল বিশ্বকাপ। পেলের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার পর উদযাপন করেছিলেন ব্রিতো। তাঁর (ব্রিতো) ১৯৭০ বিশ্বকাপের সতীর্থ পেলে ২০২২ সালে চলে যান না ফেরার দেশে।
সবশেষ ২০০২ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এটা তাদের পঞ্চম বিশ্বকাপ। ২৪ বছর ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটছে সেলেসাওরা। পরশু মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ।
২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ম্যাচটি ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ব্রাজিল খেলবে ২৫ জুন। মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।