বিশ্বকাপে ফাইনালে একচেটিয়া ফুটবল খেলেছে স্পেন। ১-০ গোলে জেতার পথে আর্জেন্টিনাকে একরকম বোতলবন্দী করে রেখেছিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এমন পারফরম্যান্সের পর প্রশংসা কুড়িয়েছে স্প্যানিশরা। এবার ফাইনালে চ্যাম্পিয়নদের দাপুটে ফুটবলের সুনাম করলেন আর্জেন্টিনা দলের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না।
উরবানা প্লের অনুষ্ঠান ভুয়েলতা ই মেদিয়াতে দেওয়া সাক্ষাৎকারে মান্না জানান, একাধিকবার ফাইনালের ভিডিও দেখে বিশ্লেষণ করেছেন তিনি। মান্না বলেন, ‘আমি ফাইনালটা আরও দুই-তিনবার দেখেছি। ২০২২ সালের ফাইনালেও আমার একই অভিজ্ঞতা হয়েছিল। ওই ম্যাচের অতিরিক্ত সময় আমি দেখিনি, এবারও দেখিনি। কারণ অতিরিক্ত সময়ে অনেক কিছু ঘটে। ওটা খুব আবেগঘন সময়, সেখানে কৌশলগত দিক ততটা থাকে না—আর আমি মূলত সেগুলোই বিশ্লেষণ করার চেষ্টা করি। স্পেন ছিল অনেক এগিয়ে।’
দারুণ লড়াই করে ফাইনালে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার খেলার প্রশংসাও করেছেন মান্না, ‘আর্জেন্টিনা এটা পারে। আর্জেন্টিনার নিজস্ব একটি ফুটবল-ধারা আছে, পাসের মাধ্যমে আক্রমণ গড়ে তোলার একটি নিজস্ব পদ্ধতি আছে। আমি আশা করি, আগামী ১৫ বছর পরও তারা একইভাবে খেলবে। আমাদের যুব পর্যায়ের ছেলেরাও সেই ধারাতেই খেলছে।’
কোচিং স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মান্না বলেন, ‘সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম উপায় হলো নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করা। আমার বিশ্বাস, স্কালোনির নেতৃত্বে কোচিং স্টাফের সবাই সেটাই করেছে। আর খেলোয়াড়রা অসাধারণ একটি দল গড়ে তুলেছে।’
ফাইনাল ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ষড়যন্ত্রমূলক মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মান্না। আলোচিত বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘এ ধরনের বিষয় সাধারণত তখনই ঘটে, যখন কেউ হেরে যায় বা মনে করে, এর পেছনে অন্য কিছু থাকতে পারে। বিশেষ করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সবকিছুই মুহূর্তের মধ্যে রেকর্ড হয়ে যায়। কেউ কিছু বললেই সেটিকে সঙ্গে সঙ্গে ভিন্নভাবে ব্যাখ্যা করা শুরু হয়। মাঠে যা হয়েছে, সেটাই হয়েছে। ওই ম্যাচে যে দল ভালো খেলেছে, তাদের অভিনন্দন জানিয়ে সামনে এগিয়ে যাওয়াই উচিত।’