বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। চার বছর অন্তর অন্তর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতির শেষ নেই। পিছিয়ে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। সতীর্থ রদ্রিগো দি পলকে সঙ্গে নিয়ে রুটিন অনুশীলনের বাইরেও নিজেদের উদ্যোগে আলাদাভাবে অনুশীলন করছেন মেসি, রদ্রিগো দি পলরা।
মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন দি পল। গুঞ্জন আছে, ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেদের রসায়ন আরও বাড়াতে দেহরক্ষী হিসেবে খ্যাত দি পলকে মায়ামিতে নিয়ে গেছেন আর্জেন্টিনার অধিনায়ক। এই কথা সত্য নাকি মিথ্যা, সে তর্কে একপাশে রেখে এবার সামনে এল এই জুটির বিশ্বকাপ প্রস্তুতির বিষয়টি।
লো দেল পোলো অনুষ্ঠানে হাজির হয়ে দি পল বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি। গত দুই-তিন মাস ধরে ক্লাবে যা করি, তার বাইরেও প্রতিদিন আলাদা অনুশীলন করে যাচ্ছি। নিজেদের সেরা শারীরিক অবস্থায় নিতে আমরা সর্বোচ্চ পরিশ্রম করছি। কোচের সঙ্গে দিনে দুইবার অনুশীলন করছি। সত্যিই নিজেদের সীমার শেষ পর্যন্ত ঠেলে দিচ্ছি।’
প্রস্তুতি নিয়ে ডকুমেন্টারি বানানোর ইচ্ছার কথাও জানালেন দি পল। মজা করে তিনি বলেন, ‘সবকিছু ভিডিও করে রাখতে ইচ্ছা করে। যদিও মাঝে মাঝে মনে হয়, ‘না থাক, কী ভিডিও করছি!’ … আবার ভাবি, যদি কিছু হয়, তাহলে একটা ছোট ডকুমেন্টারি বানানো যেতে পারে, কিছু টাকাও আয় হবে!’
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ী দলের গর্বিত সদস্য দি পল। আরও একটি বিশ্বকাপকে সামনে রেখে বাড়তি উত্তেজনা কাজ করছে মাঝমাঠের এই ফুটবলারের মনে, ‘বিশ্বকাপ নিয়ে না ভেবে থাকা অসম্ভব। যত কাছে আসছে, ততই নানা অনুভূতি কাজ করছে—ভয়, অনিশ্চয়তা, আনন্দ… স্কোয়াড ঘোষণার অপেক্ষা। ব্যক্তিগতভাবে আমি খুবই রোমাঞ্চিত এবং আশাবাদী। আমার বিশ্বাস, জাতীয় দল আবারও শিরোপার দাবিদার হবে।’
আর্জেন্টিনা দলের মানসিকতা নিয়েও আত্মবিশ্বাসী দি পল। তাঁর মতে, দলটির মধ্যে আবারও সাফল্য পাওয়ার প্রবল ক্ষুধা রয়েছে, ‘আমার সতীর্থদের মধ্যে সেই বিশ্বাস আর ক্ষুধাটা দেখতে পাই। আমরা কোপা আমেরিকা জিতেছি, এরপর দ্বিতীয়বার জেতার লক্ষ্য নিয়েছি। ফিনালিসিমা জিতেছি, এরপর স্পেনের বিপক্ষে খেলতে মুখিয়ে ছিলাম। দলটা আবারও সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত।’
নিয়মিত খেলার সুযোগ পাওয়ার ভাবনা থেকেই ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমিয়েছেন দি পল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার খেলার ধরন অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠে থাকা। নিয়মিত খেললেই আমি শারীরিকভাবে সেই অবস্থায় থাকতে পারব, যা জাতীয় দল সব সময় আমার কাছ থেকে চায়। বিশ্বকাপের দেড় বছর আগে আমি নিজেকে লক্ষ্য দিয়েছিলাম—নিয়মিত খেলতে হবে।’
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক মেক্সিকো। ফাইনাল হবে ১৯ জুলাই। বিশ্বকাপে ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপে মেসিদের প্রতিপক্ষরা হলো আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন, প্রতিপক্ষ আলজেরিয়া।