ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বিশ্বকাপের সময় বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা দেখা যায়, সেটা কারও অজানা নয়। প্রিয় দলের সমর্থনে গলা ফাটানো, গোলের সময় হইচই করা, জয়ের পর উদযাপন—সব মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলাররাও জানেন, বাংলাদেশে তাঁদের অনেক ভক্ত-সমর্থক রয়েছে।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ বত্রিশে ওঠা ব্রাজিল গত রাতেও জিতেছে। হিউস্টনে জাপানের বিপক্ষে ২-১ গোলের রুদ্ধশ্বাস জয়ে ব্রাজিল কেটেছে শেষ ষোলোর টিকিট। ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশ শব্দ শুনে থেমে যান ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার। তখন তিনি জানালেন বাংলাদেশের প্রতি ব্রাজিলিয়ানদের ভালোবাসার কথা। ব্রাজিলের গোলরক্ষক বলেন, ‘আমরা ব্রাজিলিয়ানরা আপনাদের (বাংলাদেশি) অনেক ভালোবাসি। বাংলাদেশিদের ধন্যবাদ জানাচ্ছি।’
অলিগলিতে ব্রাজিলের জয়ের পর বাংলাদেশে উদযাপনের ঘটনা যেমন দ্রুত ভাইরাল হয়, তেমনি সেগুলো ব্রাজিলের সংবাদমাধ্যমেও প্রচার হয়। বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে জানা আছে আলিসনেরও। জাপানের বিপক্ষে হিউস্টনে গত রাতে জয়ের পর ব্রাজিলের গোলরক্ষক বলেন, ‘আমাদের সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশিদের ধন্যবাদ। আমি এসবই দেখেছি। অসংখ্য ধন্যবাদ।’
হিউস্টনে ২৯ মিনিটে কাইসু সানোর গোলে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ৫৬ মিনিটে কাসেমিরো দারুণ এক হেডে গোল করে সমতায় ফেরান ব্রাজিলকে। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জাপানি দুর্গ ভেদ করে যেভাবে গোল করেছেন, তা চোখে লেগে থাকার মতোই।
জাপানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর আলিসনের মতো মিক্সড জোনে মাতিয়াস কুনিয়াও বাংলাদেশিদের প্রশংসা করেছেন। ব্রাজিলকে নিয়ে বাংলাদেশে যে এত উন্মাদনা হয়, সেটা সম্মান করেন কুনিয়া। কিন্তু নেইমার কোনো কথাই বলেননি মিক্সড জোনে। এমনকি গতকাল হিউস্টনে তাঁকে খেলাননি কার্লো আনচেলত্তি। এবারের বিশ্বকাপে মাত্র ১৫ মিনিটের জন্য মাঠে নামতে পেরেছেন নেইমার। গত ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিটে কুনিয়াকে উঠিয়ে নামানো হয়েছিল তাঁকে (নেইমার)। এটা ছিল ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচ।