হোম > খেলা > ফুটবল

মেসির বাবার ভুয়া মৃত্যুর খবর শুনে খেপেছেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক    

লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

কেন লিওনেল মেসি আর্জেন্টিনা দলের প্রাণভোমরা, সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা আবর্তিত হয় তাঁকে ঘিরেই। আর ভক্ত-সমর্থকেরাও মেসিকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। সংবাদ সম্মেলনও হয়ে ওঠে মেসিময়। যদিও এবার তাঁর প্রসঙ্গে একটা প্রশ্ন করা হতেই খেপে গেলেন আর্জেন্টিনা কোচ।

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের পর মেসির বাবার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও সেটা পরে ভুল প্রমাণিত হয়েছে। ডালাসের স্থানীয় সময় গতকাল রাতে আর্জেন্টিনা কোচ স্কালোনি যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তখন তাঁর কাছেও এসেছে এই (মেসির বাবার ভুয়া মৃত্যুর খবর) প্রসঙ্গ। প্রশ্নটা শুনে একরকম বিরক্তি প্রকাশ করেছেন স্কালোনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা ভালো আছি। এ নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। দল ভালো অবস্থায় আছে এবং আগামীকালের ম্যাচ খেলতে প্রস্তুত।’

মেসির হ্যাটট্রিকে ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। একই দিনে অপর ম্যাচে জর্ডানকে ৪-১ গোলে হারায় অস্ট্রিয়া। আজ বাংলাদেশ সময় রাতে ডালাসে মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া। দুই দলই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় এবার যে দল জিতবে, তারা শেষ বত্রিশের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। স্কালোনিও ম্যাচটি নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ হবে। আমরা দু’দলই প্রথম ম্যাচে জয় পেয়েছি। যা হয়তো ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলবে।’

বিশ্বকাপ আর্জেন্টিনা শুরু করেছে এক নম্বরে থেকেই। এমনকি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র মাঝে র‍্যাঙ্কিং হালনাগাদ করা হলেও আলবিসেলেস্তেরা রয়েছে শীর্ষেই। এদিকে র‍্যাঙ্কিংয়েও আলজেরিয়ার চেয়ে আট ধাপ এগিয়ে অস্ট্রিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ২১ ও ২৯ নম্বরে অবস্থান করছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। এ ছাড়া অস্ট্রিয়ার ডেভিড আলাবা, মার্সেল সাবিৎসারদের ইউরোপের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে।

অস্ট্রিয়ার সঙ্গে খেলাটা সহজ হবে বলে মনে করছেন না স্কালোনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘অস্ট্রিয়া কঠিন প্রতিপক্ষ। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে, তারা খুব ভালোভাবে চাপ সৃষ্টি করতে পারে এবং আক্রমণে দ্রুত ও সরাসরি খেলতে সক্ষম। তারা বাছাইপর্বও ভালোভাবে উতড়ে এসেছে। তাদের অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

বিশ্বকাপ চলাকালে লাইভ সম্প্রচারে আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুসু টিভির উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনিয়া দাবি করেছিলেন, মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। বাবার শেষকৃত্যে অংশ নিতে আর্জেন্টিনা অধিনায়কের বিশ্বকাপ দলের ক্যাম্প ছেড়ে দেশে ফেরা উচিত বলে দাবি করেছিলেন। পরে মেসির বাবার মৃত্যুর খবর ভিত্তিহীন প্রমাণিত হলে পেনিয়া এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান এল শো দেল ভেরানোর পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছিল কর্তৃপক্ষ।

আজ অস্ট্রিয়ার বিপক্ষে একাধিক রেকর্ড হাতছানি দিচ্ছে মেসিকে। যার মধ্যে দুটিতেই তিনি ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। ক্লোসা-মেসি দুজনেই বিশ্বকাপে ১৬টি করে গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। এখানেও তাঁদের মিলিয়ে দিয়েছে ১৬।

রেকর্ড গড়তে নামার আগে ‘বিশেষ লুকে’ মেসি

মাঠেই রেফারির দামি ঘড়ি ‘মেরে দিলেন’ প্যারাগুয়ের ফুটবলার

আর্জেন্টিনার পরীক্ষা নেবে অস্ট্রিয়ার ‘হাই-প্রেস’

নিউজিল্যান্ডকে হারিয়ে মিসরের ঐতিহাসিক জয়

‘আসাদো’র উচ্ছ্বাসে মেতেছেন আর্জেন্টাইনরা

চমকে গেল উরুগুয়েও, এবার কেপ ভার্দের জোড়া গোল

বেলজিয়ামকে রুখে দিল ইরান

উজ্জীবিত মেসিদের সামনে অস্ট্রিয়া

রুমে কুরাসাওয়ের ইতিহাস

জন্মদিনে কোচকে বড় জয় উপহার দিল স্পেন