ওয়ার্ম-আপের সময় চোটে পড়ে ভুটানের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক আগে বাংলাদেশ দলের একাদশ থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ও অধিনায়ক তপু বর্মণ। ম্যাচ শুরুর ঠিক আগে এমন আকস্মিক চোটে বড় ধাক্কা খেয়েছে দল। ফলে শেষ মুহূর্তে একাদশে জরুরি পরিবর্তন আনতে হয়েছে কোচকে।
তপুর বদলি হিসেবে মূল একাদশে সুযোগ পেয়েছেন কাজেম শাহ। এ ছাড়া তাঁর অনুপস্থিতিতে আজকের ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব এসব তথ্য জানিয়েছেন।
এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে বড় চমক দিয়েছিল বাংলাদেশ। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে আজ খেলানো হচ্ছে আক্রমণভাগে। দলের মূল সেন্টার ফরোয়ার্ড হিসেবে। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার—শমিত শোম, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ। ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছেন কোচ টমাস ডুলি।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত শুরুর একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী, কাজেম শাহ, শমিত সোম, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।