বাংলাদেশের ফুটবলে দুটি স্মরণীয় অর্জনের সাক্ষী জাতীয় স্টেডিয়াম। ২০০৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর একই মাঠে দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলে সোনা জয়ের আনন্দে মেতেছিল লাল-সবুজের দল। এবার সেই দুই দলের ফুটবলারদের আবারও একসঙ্গে দেখা যাবে একই মাঠে। তবে এই পুনর্মিলনীতে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ঘিরে।
সাফের প্রচার-প্রচারণার অংশ হিসেবে আগামীকাল জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন দল ও ২০১০ সালের এসএ গেমসের সোনাজয়ী দল। বিকেল পাঁচটায় শুরু হবে প্রীতি ম্যাচটি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উদ্যোগে আয়োজিত এই ম্যাচের লক্ষ্য দুই প্রজন্মের ফুটবলারদের এক মঞ্চে ফেরানোর পাশাপাশি দেশের ফুটবলে নতুন উদ্দীপনা তৈরি করা।
২০০৩ সালের সাফজয়ী দলের সদস্য ছিলেন আমিনুল, ছিলেন ২০১০ সালের এসএ গেমসের সোনাজয়ী দলের অধিনায়কও। ফলে দুই দলের কোনটির হয়ে খেলবেন, তা নিয়ে তৈরি হয়েছে মধুর জটিলতা। দুই দলের খেলোয়াড়েরাই তাঁকে নিজেদের জার্সিতে দেখতে চান। জানা গেছে, এই দ্বিধা মেটাতে দুই অর্ধে দুই দলের জার্সি গায়ে মাঠে নামতে পারেন আমিনুল।
মাঠের বাইরের এই কৌতূহলের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের অপেক্ষাও। ২০০৩ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর এই প্রতিযোগিতার শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ২০০৫ সালে ফাইনালে উঠেছিল দল, কিন্তু ট্রফি আর ঘরে আসেনি। এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়ে সাফে নামবে বাংলাদেশ।
কোচ টমাস ডুলির অধীনে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছে জাতীয় দল। এমন সময়ে সাবেক দুই চ্যাম্পিয়ন দলের এই ম্যাচে পুরোনো সাফল্যের স্মৃতিচারণের পাশাপাশি নতুন করে শিরোপার স্বপ্ন দেখানোর বার্তাও থাকছে।