মা হারালেন লিওনেল স্কালোনি। ৭৪ বছর বয়সে না ফেরার দেশে চলে যান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচের মা ইউলালিয়া মারজেত্তি। স্কালোনির মায়ের মৃত্যুতে শোকে মুহ্যমান আর্জেন্টিনা।
স্কালোনির মায়ের মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) শোকবার্তা প্রকাশ করেছে। এক্স হ্যান্ডলে এএফএ লিখেছে, ‘এএফএর সভাপতি ক্লদিও তাপিয়ার নেতৃত্বে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পুরো পরিবার আমাদের কোচ লিওনেল স্কালোনি এবং তাঁর পরিবারের প্রতি তাঁর মা ইউলালিয়া মারজেত্তির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ‘এল গ্রিঙ্গো’ ও তাঁর প্রিয়জনদের প্রতি সব আর্জেন্টাইনদের পক্ষ থেকে সমবেদনা। শক্ত থাকুন।’
এএফএর সভাপতি ক্লদিও তাপিয়াও সমবেদনা জানিয়েছেন স্কালোনিকে। সামাজিক মাধ্যম নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রিয় গ্রিঙ্গো, তোমার মায়ের মৃত্যুতে এই কঠিন সময়ে পুরো দেশ তোমার ও তোমার পরিবারের পাশে আছে। আমার আন্তরিক সমবেদনা রইল। তোমাকে আমি অনেক ভালোবাসি। মনে রেখো, আমরা তোমাদের পাশে আছি। ইউলালিয়া মারজেত্তির আত্মা শান্তিতে থাকুক।’
স্কালোনির মায়ের মৃত্যুতে শীর্ষস্থানীয় টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের সব ম্যাচ শুরু আগে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে নিশ্চিত করেছে এএফএ। একই সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলে এএফএ জানিয়েছে।
পারিবারিক সূত্রের বরাত অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় পরশু রাতে সান্তা ফের নিজ বাড়িতেই মারা যান মারজেত্তি। স্কালোনি বর্তমানে বুয়েনস এইরেসে রয়েছেন। মায়ের শেষকৃত্যে অংশ নিতে পুজাতোতে যাবেন। শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানটি শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
মারজেত্তি সান্তা ফে শহরে তাঁর স্বামী চিচের সঙ্গে বসবাস করতেন। জাতীয় দলের দায়িত্ব থেকে অবসর পেলেই তিনি ‘গ্রিঙ্গো’ নামে পরিচিত স্কালোনির সঙ্গে দেখা করতেন। তিন সন্তান লিওনেল, মাউরো ও কোরিনাকে লালন-পালন করেছেন। রোসারিও অঞ্চলে কোরিনা বেশ পরিচিত। কারণ, ফুনেসে তাঁর ‘স্কালা বেকারি’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
স্কালোনির মায়ের শারীরিক অসুস্থতার বিষয়টি আজ থেকে পাঁচ বছর আগেই তিনি নিজে প্রকাশ্যে জানিয়েছিলেন। ২০২১ সালের ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে মনুমেন্তাল স্টেডিয়ামে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ের পর জীবনের কঠিন সময় নিয়ে আবেগঘন কথা বলেছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন যে সেই সময় তাঁর পক্ষে ভবিষ্যৎ নিয়ে দীর্ঘমেয়াদি চিন্তা করার মতো মানসিক শক্তি ছিল না। স্কালোনি বলেছিলেন, ‘আমি বিশ্বকাপ নিয়ে ভাবার অবস্থায় নেই।’
শেষ পর্যন্ত স্কালোনি আর্জেন্টিনা দলের দায়িত্বে থেকে যান এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করেন। আর সেই বিশ্বকাপ জয়ের ট্রফিটিও তিনি তাঁর মাকে উৎসর্গ করেছিলেন। কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন কোচ
আবেগাপ্লুত হয়ে বলেছিলেন, ‘এই জয়টা মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তিনি খুব গুরুতর একটি সমস্যার মুখোমুখি হয়েছেন। এখনো লড়াই করে যাচ্ছেন।’ স্কালোনির মা গত পরশু চলে গেলেন না ফেরার দেশে।
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার কোচ হয়ে এই চার শিরোপা জেতেন স্কালোনি। এই চার শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়া। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর দি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। আর মেসি ৭ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন।