হোম > খেলা > ফুটবল

ভুটানের বিপক্ষে গোলহীন থেকে বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-ভুটান প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ছবি: বাফুফে

একবার ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট, আরেকবার বিশ্বনাথ ঘোষের হেড। কখনো রাকিব হোসেনের ক্রস, কখনো রক্ষণ চেরা পাসে গোলের সুযোগ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছে বাংলাদেশ। কিন্তু গোলের সামনে গিয়ে বারবারই যেন খেই হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে এমনই একপেশে ফুটবল খেলেও গোলের মুখ খুলতে পারেনি বাংলাদেশ। বিরতিতে দুই দলের স্কোর ০-০।

পরিসংখ্যান দেখলে বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রথম ৪৫ মিনিটে বলের দখল ছিল ৬৬ শতাংশ। প্রতিপক্ষের পেনাল্টি বক্সে বাংলাদেশ বল ছুঁয়েছে ১৫ বার। ভুটান মাত্র একবার। অথচ এত কিছুর পরও স্কোরবোর্ডে কোনো পরিবর্তন আনতে পারেনি টমাস ডুলির দল।

জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানকে নিজেদের অর্ধে ঠেলে দেয় বাংলাদেশ। পাসের খেলাতেও ছিল স্বাগতিকদের আধিপত্য। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি ভুটান। বক্সের বাইরে থেকে ফয়সাল আহমেদ ফাহিমের জোরালো শট অবশ্য ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলরক্ষক গিয়েলৎশেন জাংপো। এরপর ১৭ মিনিটে রাকিব হোসেনের নিখুঁত ক্রস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নেওয়া তাঁর হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

গোলের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট হয় ৪০ মিনিটে। ডিফেন্স চেরা পাসে বল পেয়ে গিয়েছিলেন বিশ্বনাথ। সামনে তখন সুযোগ, গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার। কিন্তু অসমান মাঠে বল কিছুটা লাফিয়ে ওঠায় ঠিকমতো শট নিতে পারেননি এই ফরোয়ার্ড। বল উড়ে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। ডিফেন্ডার থেকে এদিন মূল স্ট্রাইকারের ভূমিকায় নামা বিশ্বনাথের জন্যও সেটি ছিল আক্ষেপের মুহূর্ত।

বাংলাদেশের আক্রমণের চাপে পুরো প্রথমার্ধে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল ভুটান। ২০ মিনিটে অধিনায়ক চেনচো গিয়েলৎশেনের গতির কাছে বাংলাদেশের ডিফেন্ডাররা একবার পরাস্ত হয়েছিলেন। তাঁর সেই দৌড় থেকে অবশ্য একটি কর্নার ছাড়া বেশি কিছু পায়নি ভুটান।

এর মধ্যে ভুটানের শিবিরে নেমে আসে দুশ্চিন্তা। মাঝমাঠে বল দখলের লড়াইয়ে মাথায় চোট পান ওর্গেন ওয়াংচুক। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে হয়।

ম্যাচের আগে ওয়ার্ম-আপে অধিনায়ক তপু বর্মনের চোট, হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদের অনুপস্থিতি—সব মিলিয়ে প্রতিকূলতা ছিল বাংলাদেশের সামনে। মাঠে নেমে সেসব ছাপিয়ে আধিপত্য দেখাতে অবশ্য সমস্যা হয়নি। সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুধু গোল করা।

বিদায় বেলায় কী কী রেখে গেলেন রোনালদো

ম্যাচের আগে অধিনায়ককে হারাল বাংলাদেশ

ঢাকায় নিরাপত্তা শঙ্কা দেখছে না ভারত

চমক নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ম্যাচের আগে কার সঙ্গে দেখা করলেন মেসি

রোমাঞ্চ জাগিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

রোনালদোকে নিয়ে সৌদি সাংবাদিকের দাবিতে তুমুল বিতর্ক

বাংলাদেশ কি ভারতের আধিপত্যের মুকুটে ভাগ বসাতে পারবে