ম্যাসাচুসেটের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে গতকাল না থেকেও ছিলেন নেইমার। ফ্রান্স-ব্রাজিল প্রীতি ম্যাচে গ্যালারিতে শোনা গেছে ‘নেইমার, নেইমার’ স্লোগান। চোট জর্জর নেইমারের খেলা না হলেও ব্রাজিলের ভক্ত-সমর্থকদের এই স্লোগানে বোঝা গেছে, তাঁকে দল কতটা মিস করছে। নেইমারবিহীন ব্রাজিল গত রাতে ফ্রান্সের কাছে হেরেছে ২-১ গোলে।
নেইমারবিহীন ব্রাজিলের গত রাতের আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন রাফিনিয়া-ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকারা। প্রথমার্ধ ১-০ গোলে শেষ করা ফ্রান্স ৫৫ মিনিটে দশ জনের দলে পরিণত হয়। ফ্রান্সের ডিফেন্ডার দায়োত উপামেকানো লাল কার্ড দেখেন। প্রথমে তাঁকে হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে সেই সিদ্ধান্ত বদলে দেওয়া হয় লাল কার্ড।
১০ জনের ফ্রান্স গত রাতে জিতেছে ২-১ গোলে। ৩২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেন ফরাসি দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও হুগো একিতিকে। ৭৮ মিনিটে ডিফেন্ডার গ্লিসন ব্রেমারের গোলে ব্রাজিল শুধু ব্যবধানই কমাতে পেরেছে। ভাঙা-গড়ার মধ্য দিয়ে যেতে থাকা ব্রাজিল গত রাতে হারলেও কোচ কার্লো আনচেলত্তির মতে দলটির বিশ্বকাপে ভালো করার সামর্থ্য রয়েছে। ব্রাজিল কোচ বলেন,‘আজকের ম্যাচে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গিয়েছে যে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখি। এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। আজ আমরা একটা শক্তিশালী দলের বিপক্ষে জিততে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি। সবটুকু শক্তি দিয়েই বিশ্বকাপ জয়ের চেষ্টা করব।’
নেইমারকে নিয়ে গত রাতে গ্যালারিতে ভক্ত-সমর্থকেরা স্লোগান দিয়েছেন। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে আনচেলত্তি তা এড়িয়ে গেছেন। ব্রাজিল কোচ বলেন, ‘যারা এখানে ছিল তাদের নিয়ে আমাদের কথা বলা উচিত। যারা খেলেছে নিজেদের সর্বস্ব দিয়েছে ও কঠোর পরিশ্রম করেছে। আমি সন্তুষ্ট।’
চোটের সঙ্গে লড়তে থাকা নেইমার তাঁর ক্লাব সান্তোসের হয়েও তেমন একটা নিয়মিত নন। মাঠে নামলে পুরো ৯০ মিনিট পাওয়াটাই দুষ্কর। এমনকি যতটুকু সময় খেলেন, নিজের সেরাটাও দিতে পারেন না তিনি। তবু দীর্ঘদিনের সতীর্থ কাসেমিরোর দৃষ্টিতে নেইমার সময়ের অন্যতম সেরা ফুটবলার। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ শেষে কাসেমিরো বলেন, ‘নেইমারের গুণ সম্পর্কে আমরা জানি। যখন সে ফর্মে থাকে, যেকোনো দলের জন্য সে অপরিহার্য। আমার প্রজন্মের সে শীর্ষ তিনজনের মধ্যে একজন: ক্রিস্টিয়ানো, মেসি এবং নেইমার। আমি তার (নেইমার) ঘনিষ্ঠ বন্ধু। তারা কাকে দলে নেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই।’
২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে সবশেষ খেলেছেন নেইমার। ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২৯ মাস পর দলে ফেরার আশা করেছিলেন। তবে আনফিট থাকায় কোচ আনচেলত্তি তাঁকে (নেইমার) নেননি। হয়তো বিশ্বকাপ দিয়েই নেইমারের দলে প্রত্যাবর্তন হতে পারে। ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা। নেইমারের এখনো বিশ্বকাপে খেলা সম্ভব মনে করেন আনচেলত্তি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৬টায় অরলান্ডোতে শুরু হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রীতি ম্যাচ।
এবারের ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। হাইতির বিপক্ষে সেলেসাওরা খেলতে নামবে ২০ জুন। ব্রাজিল-হাইতি ম্যাচ হবে ফিলাডেলফিয়ায়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ।