লিগে দুই দলের কেউই নেই শিরোপা লড়াইয়ে। ভালো অবস্থায় থেকে মৌসুম শেষ করতে নজর ছিল ফেডারেশন কাপের প্রতি। তবে সেখানে ব্রাদার্স ইউনিয়নকে হতাশ করে ফাইনালে নাম লিখিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সৌরভ দেওয়ানের জোড়া গোলে দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ২–১ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে সাদা কালোরা। এনিয়ে গত চার বছরে তিনবার ফেডারেশন কাপের ফাইনালে উঠল ক্লাবটি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মোহামেডানের এগিয়ে যেতে সময় লাগে ৩৮ মিনিটে। দেওয়ান। রহমত মিয়ার লং থ্রোয়ে এলি কেকের মাথা ছুঁয়ে আসা বলে হেডে জালের ঠিকানা খুঁজে নেন সৌরভ দেওয়ান।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। ৪৯ মিনিটে আলমগীর গাজীর নেওয়া ভলি ঝাঁপিয়ে পড়ে ঠেকান মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। ব্রাদার্স ম্যাচে ফেরার সুযোগ পায় ৭২ মিনিটে আলমগীর গাজী ডি বক্সের খানিকটা সামনে ফাউলের শিকার হলে। সেখান থেকে নেওয়া ফ্রি কিকে উঁচু কোনা দিয়ে দুর্দান্ত এক গোলে ব্যবধান ১–১ করেন ব্রাদার্স অধিনায়ক জামাল ভূঁইয়া।
এরপর ম্যাচ এগোচ্ছিল অতিরিক্ত ৩০ মিনিটের দিকেই। কিন্তু সৌরভ যেন পণ করলেন নির্ধারিত সময়ের ভেতর আরেকবার সৌরভ ছড়াবেন তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে মুজাফফর মুজাফফরভের নেওয়া কর্নারে জটলার মধ্যে বল পান এই ফরোয়ার্ড। দুর্দান্ত ভলিতে জাল কাঁপাতে কোনো ভুল করেননি।
রেফারির শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়েরা লিপ্ত হন হাতাহাতিতে। তাতে মুখ ফেটে রক্ত বের হয় মুজাফফরভের।
১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪–০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে কিংস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা।