বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেছেন সান্তোসের তারকা নেইমার। মুখের ওপর হাত রেখে কিছু বলার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে তাঁকে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান লিগের ম্যাচে।
শনিবার দিবাগত রাতে ব্রাজিলিয়ান সিরিএ’তে বাহিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সান্তোস। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয়ার্ধ শুরুর আগে মাঝমাঠে নেস্তরের সঙ্গে কথা বলছিলেন নেইমার। একপর্যায়ে মুখের ওপর হাত রেখে বাহিয়ার এই মিডফিল্ডারকে কিছু বলেন তিনি।
নেইমারের আচরণে অসন্তুষ্ট নেস্তর সঙ্গে সঙ্গে রেফারির কাছে অভিযোগ জানান। খেলা পুনরায় শুরুর আগে ভিএআর রেফারিকে ডেকে নেইমারের মুখ ঢেকে কথা বলার ভিডিও দেখায়। এরপরই সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান লিগে কার্যকর থাকা ‘ভিনিসিয়ুস জুনিয়র আইন’ প্রয়োগের আওতায় নেইমারের আচরণ বিবেচনা করা হয়। তবে ঠিক কী কারণে তাঁকে লাল কার্ড দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নেইমার ও নেস্তরের মধ্যে উত্তেজনার শুরু দ্বিতীয়ার্ধে নয়, প্রথমার্ধেই। বিরতির সময় স্পোর্ট টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাহিয়ার এই মিডফিল্ডার অভিযোগ করেন, তিনি নেইমারের সঙ্গে করমর্দন করতে গিয়েছিলেন। কিন্তু সান্তোসের এই তারকা তাঁর শরীর লক্ষ্য করে বল মারেন। এরপর নেইমারের কাছ থেকে একাধিক কটু কথা শুনেছেন বলেও দাবি করেন তিনি।
নেস্তর বলেন, ‘এরপর আমি বেশ কিছু কথা শুনেছি। আমার বাবা-মা আমাকে অত্যন্ত ভালোভাবে মানুষ করেছেন। এ জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি জানি, কোথা থেকে উঠে এসেছি। ইতাকুয়েরায় আমার জন্ম। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি, সেখানে আসাটা কঠিন ছিল। বাহিয়ার জার্সি পরতে পেরে আমি গর্বিত। সে আমাকে কী বলেছে, তা সে নিজেও জানে। তার এই আচরণ আমার প্রতি এবং বাহিয়ার জার্সির প্রতি অসম্মানজনক।’
নেইমারের ব্যক্তিগত আচরণেরও সমালোচনা করেন নেস্তর। তাঁর মতে, খেলোয়াড় হিসেবে নেইমার অনেকের আদর্শ হলেও সেদিন ব্যক্তিগত আচরণে তিনি সেই মর্যাদা ধরে রাখতে পারেননি, ‘একজন খেলোয়াড় হিসেবে সে সবার কাছে আদর্শ। কিন্তু আজ ব্যক্তিগত আচরণের ক্ষেত্রে সে ব্যর্থ হয়েছে। যেভাবে সে কথা বলেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমার বাবা-মা আমাকে অত্যন্ত ভালোভাবে মানুষ করেছেন। তাঁরা আমাকে যে শিক্ষা দিয়েছেন, সে জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই। আমি কখনোই এ ধরনের কথা বলতাম না।’
নেইমার ঠিক কী বলেছিলেন, তা জানতে আবারও নেস্তরকে প্রশ্ন করা হয়। তবে শিশুদের কথা বিবেচনা করে সেই বক্তব্য প্রকাশ করতে রাজি হননি বাহিয়ার এই মিডফিল্ডার।
নেস্তর বলেন, ‘আমি কথাগুলো বলব না, কারণ শিশুরাও খেলা দেখছে। যা ঘটেছে, তা মোটেও ভালো কিছু নয়।’